নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সমাজমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কু কথা বলার জেরে গ্রেপ্তার হলেন এক প্রৌঢ়। চুঁচুড়া থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কার্তিক বণিক। তিনি ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। সম্প্রতি, তিনি সমাজমাধ্যমে লাইভ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন। এমনই অভিযোগ তুলে পুলিশের দারস্থ হয়েছিলেন বিজেপি’র আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায়। তারপরেই তদন্তে নেমেছিল পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি পাড়া থেকে চায়ের দোকান সর্বত্রই বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতেন। কয়েকদিন আগে তিনি লাইভ করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন। তারপরেই হইচই শুরু হয়। প্রৌঢ় অবশ্য দাবি করেছেন, তিনি মদ্যপ অবস্থায় ওই কাণ্ড করেছেন। তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। ভুল করে সমাজমাধ্যমে লাইভ করেছি। যদিও বিজেপি’র হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, কিছু মানুষের মধ্যে এখনও আক্রোশ আছে। মানুষের রায় তাঁরা মানতে পারছেন না। সেই কারণেই রাজ্যের উন্নয়নের দিশারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কু কথা বলছেন। ওইসব ব্যক্তিদের আইনের শাসনের আওতায় আনা উচিত।



