Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুবার্বানের ভূতুড়ে অস্তিত্বে তোলপাড় ময়দান

নিত্য বিতর্কে জেরবার বঙ্গ ক্রিকেট সংস্থা। নতুন সংযোজন সুবার্বান ক্লাব

সুবার্বানের ভূতুড়ে অস্তিত্বে তোলপাড় ময়দান
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। হযবরল এখন সিএবিতেও। নিত্য বিতর্কে জেরবার বঙ্গ ক্রিকেট সংস্থা। নতুন সংযোজন সুবার্বান ক্লাব। দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে এবারই প্রথম ডিভিশনে পা রেখেছে শতাব্দীপ্রাচীন সুবার্বান। কিন্তু ক্লাবের ঠিকানা কোথায়? এখানেই আসল টুইস্ট। কলকাতা চষে ফেললেও ক্লাব খুঁজে পাবেন না। আস্ত সুবার্বান ক্লাব ভ্যানিশ। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ার জোগাড়।

Advertisement

খোঁজ নিয়ে জানা গেল সুবার্বান ক্লাবের রেজিস্ট্রেশন নম্বর এস/১৫৯২৪। রেজিস্টার্ড অফিস ৪ নম্বর মধুসূদন চ্যাটার্জি লেন। টালা, কলকাতা-৭০০০০২। হেলে পড়া বিপজ্জনক বাড়ি বসবাসের অযোগ্য। ভাঙা ইট, খসে পড়ছে পলেস্তারা। আবার সিএবিতে খুঁজলে চোখ কপালে উঠতে বাধ্য। সেখানে সুবার্বান ক্লাবের ঠিকানা ১৯ নম্বর প্রাণকৃষ্ণ মুখার্জি রোড। এখানে সুবার্বান ক্লাবের কোনও অস্তিত্বই নেই। ভাঙা কার্নিশে মাথা তুলেছে বটের চারা। এখানেই শেষ নয়। বিস্ময়ের এখনও বাকি। এবছরই ক্লাবের শতবর্ষ। গত ২৫ জুলাই রোটারি সদনে ঘটা করে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। নিমন্ত্রণ কার্ডে সুবাবার্ন ক্লাবের ঠিকানা ২৯, ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ। শ্যামবাজার মেট্রো গেটের ঠিক পাশেই জ্বলজ্বল করছে পর্যটন সংস্থার বিলবোর্ড। সুবার্বান নাম শুনেই আকাশ থেকে পড়লেন তাঁরা। তিনটি ঠিকানা তন্নতন্ন করে খুঁজেও ক্লাবের দেখা নাই রে, ক্লাবের দেখা নাই। সুবার্বান ক্লাব কর্তারা কি সাফাই দিচ্ছেন? অন্যতম কর্তা অয়ন গাঙ্গুলির দাবি, ‘পুরনো ঠিকানায় চিঠিপত্র রিসিভ করার জন্য একজন রয়েছেন। বাকি সমস্যা শীঘ্রই মিটবে।’ কিন্তু জানা গিয়েছে  রেজিস্ট্রি করা চিঠি ফেরত গিয়েছে বারবার। সেই প্রমাণও বর্তমানের কাছে রয়েছে।
সুবার্বান ক্লাবের ভূতুড়ে অস্তিত্ব নিয়ে সিএবি’র অন্দরেও জোর জল্পনা। সূত্রের খবর, নিয়ম মেনে অডিটও হয় না। পাহাড়প্রমাণ দুর্নীতি তুলে ধরে চিৎপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। কিন্তু সিএবির মুখে কুলুপ। সামনেই নির্বাচন। ভোট বড় বালাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ