মেকআপ তোলার  সঠিক নিয়ম
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সহজ পদ্ধতিতে মেকআপ তুলবেন কীভাবে? জানালেন রূপ বিশেষজ্ঞ পায়েল ঘোষ। 

Advertisement

সাজতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অফিস, কলেজ, অনুষ্ঠান বা ঘুরতে যাওয়া— প্রতিদিনের জীবনে নানা কারণে মেকআপ গুরুত্বপূর্ণ। কারও পছন্দ হালকা কাজল, লিপস্টিক ও ফাউন্ডেশন, আবার কেউ চোখের সাজ থেকে শুরু করে নিখুঁত বেস মেকআপে সময় দেন বেশ খানিকটা। তবে মেকআপ করা যতটা গুরুত্বপূর্ণ, মেকআপ তোলা তার থেকেও বেশি প্রয়োজনীয়। সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে অনেকেই ক্লান্তির কারণে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। অথচ ত্বক ভালো রাখতে হলে মেকআপ তোলা মাস্ট। 
মেকআপ না তুললে কী ক্ষতি?
সারাদিন মুখে মেকআপ থাকলে ত্বকের উপর এক আস্তরণ জমে। তার সঙ্গে মেশে ধুলোবালি, ঘাম। তাছাড়া ত্বকের তেল এবং নানা দূষিত কণা তো আছেই। ঠিকমতো মেকআপ না তুললে ত্বকের রোমকূপে ময়লা জমে যায়। এর ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ও ত্বকে অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। চোখের মেকআপ না তুললে চোখের পাতায় জ্বালা, অস্বস্তি বা সংক্রমণের ঝুঁকি থাকে। আবার, ঠোঁটে দীর্ঘক্ষণ লিপস্টিক থাকলে ঠোঁট শুষ্ক হয়ে যায়।
রিমুভার বেছে নেওয়া
মেকআপ তোলার জন্য প্রথমেই দরকার সঠিক ক্লেনজার বা মেকআপ রিমুভার। সব ধরনের মেকআপ তোলার জন্য একই পদ্ধতি কার্যকর নয়। হালকা মেকআপের ক্ষেত্রে মাইসেলার ওয়াটার ব্যবহার করতে পারেন। তুলোর প্যাডে সামান্য মাইসেলার ওয়াটার নিয়ে আলতোভাবে মুখ মুছে নিলেই মেকআপের বেশির ভাগ অংশ উঠে আসে। অন্যদিকে, ওয়াটারপ্রুফ মাসকারা, লং-লাস্টিং লিপস্টিক কিংবা ভারী ফাউন্ডেশন তুলতে অয়েল-বেসড ক্লেনজার বা ক্লেনজিং বাম বেশি কাজে দেয়। 
চোখের মেকআপ তুলতে 
মুখের অন্যান্য অংশের তুলনায় চোখের চারপাশের ত্বক অনেক বেশি সংবেদনশীল। তাই চোখের মেকআপ তোলার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন হয়। কাজল, আইলাইনার, আইশ্যাডো বা মাসকারা তুলতে চোখের উপযোগী মেকআপ রিমুভার ব্যবহার করুন। তুলোর প্যাডে রিমুভার লাগিয়ে বন্ধ চোখের পাতার উপর কয়েক সেকেন্ড ধরে আলতো করে চেপে রাখুন। এরপর বেশি না ঘষে ধীরে ধীরে মুছে নিন। এতে চোখের পাতার সূক্ষ্ম ত্বকে টান পড়ে না ও সহজেই মেকআপ উঠে আসে। 
ঠোঁটের যত্নে
ম্যাট লিপস্টিক কিংবা লং স্টে লিপ কালার সহজে ওঠে না। অনেকেই সেগুলি তোলার জন্য ঠোঁট জোরে ঘষেন। এতে ঠোঁটের কোমল ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তুলোর প্যাডে সামান্য মাইসেলার ওয়াটার বা লিপ-সেফ মেকআপ রিমুভার নিয়ে ঠোঁটের উপর কিছুক্ষণ রেখে আলতোভাবে মুছে ফেলুন। প্রয়োজনে ক্লেনজিং অয়েলও ব্যবহার করা যায়। 
ডাবল ক্লেনজিং 
অতিরিক্ত ভারী মেকআপ ব্যবহার করলে ডাবল ক্লেনজিং করতে ভুলবেন না। এই পদ্ধতিতে প্রথমে অয়েল-বেসড ক্লেনজার বা ক্লেনজিং বাম দিয়ে মেকআপ, সানস্ক্রিন এবং ত্বকের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করুন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেসওয়াশ ব্যবহার করতে হয়। এতে ত্বকের অবশিষ্ট ময়লা ও ক্লেনজারের অংশ পরিষ্কার হয়ে যায়। তবে প্রতিদিন ভারী মেকআপ না করলে ডাবল ক্লেনজিং বাধ্যতামূলক নয়। 
মেকআপ তোলার পরে
মেকআপ সম্পূর্ণ তোলার পর মুখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। এরপর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার লাগানো জরুরি। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। তৈলাক্ত ত্বকের জন্য হালকা, জেল-বেসড ময়েশ্চারাইজার ভালো। প্রয়োজন অনুযায়ী হাইড্রেটিং সিরামও ব্যবহার করা যায়। তবে মেকআপ তোলার পরপরই একাধিক নতুন স্কিন কেয়ার পণ্য ব্যবহার না করাই ভালো। ত্বককে খানিক বিশ্রাম দেওয়ার পর এগুলি করুন। 
যে ভুলগুলি এড়িয়ে চলবেন
মেকআপ তোলার সময় কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। শুধু জল দিয়ে ভারী মেকআপ তোলার চেষ্টা করবেন না। তাছাড়া মেকআপ তুলতে মুখ বা চোখ অতিরিক্ত ঘষবেন না। সাধারণ ভেজা টিস্যু বা বেবি ওয়াইপকেও মেকআপ তোলার একমাত্র উপায় ভাববেন না। এগুলি দিয়ে মেকআপের উপরিভাগ পরিষ্কার হলেও ত্বকে অবশিষ্ট থেকে যায়। মেকআপ তোলার জন্য সাবান বা অতিরিক্ত ক্ষারযুক্ত জিনিস ব্যবহার করবেন না । এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। 
শান্তনু দত্ত!