Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বসন্তের রংবাহার

লাল, নীল, হলুদ, সবুজ, কমলা— কোনটা চাই আপনার? বছরের এই সময়টা রঙিন হয়ে ওঠার জন্য আদর্শ। বসন্তের সমাগমে প্রকৃতি সেজে ওঠে নানা রঙে। কোথাও পলাশের আমন্ত্রণ, কোথাও বা শিমুলের আহ্বান। দোল আসছে। তাই চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটেও লাগল রঙের ছোঁয়া।

বসন্তের রংবাহার
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লাল, নীল, হলুদ, সবুজ, কমলা— কোনটা চাই আপনার? বছরের এই সময়টা রঙিন হয়ে ওঠার জন্য আদর্শ। বসন্তের সমাগমে প্রকৃতি সেজে ওঠে নানা রঙে। কোথাও পলাশের আমন্ত্রণ, কোথাও বা শিমুলের আহ্বান। দোল আসছে। তাই চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটেও লাগল রঙের ছোঁয়া।
শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী দু’জনেই রঙিন মানুষ। দিনভর শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন তাঁরা। ফ্যাশন শ্যুটে যখন এলেন, তখন সন্ধে গড়িয়েছে রাতের দিকে। তবে এনার্জি দেখে কে বলবে যে, সকাল থেকেই ক্যামেরার সামনে দু’জন? প্রথমে মেকআপে বসলেন শুভস্মিতা। যদিও কাজের বাইরে মেকআপ ছাড়া থাকতেই তিনি ভালোবাসেন। আর রং খেলার সময় ত্বক ও চুল ভালো রাখার জন্য যেটুকু প্রয়োজন, সেটুকু যত্ন নেন। সানস্ক্রিন মাস্ট। সঙ্গে নো-মেকআপ। কারণ শুভস্মিতা বিশ্বাস করেন, দোলের দিন আসল মেকআপ তৈরি হয় রং দিয়েই। রঙিন হয়ে ওঠা যায় নানা ভাবে। দোলের বিশেষ ফটোশ্যুটে নায়িকার জন্য বেছে রাখা শাড়িটিও রঙিন। সাদা, সবুজ, গোলাপির গামছা চেক। সঙ্গে সাদা রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। এর সঙ্গে গোলাপি ব্লাউজ দিয়েও দারুণ মানাবে। কাজল, গ্লসি লিপস্টিক আর ছোট্ট টিপ পরে সাজলেন তিনি। গালে হালকা করে আবির লাগিয়ে দিলেন সৌরভ।
পাঞ্জাবি পরতে ভালোবাসেন সৌরভ। তবে শার্ট বা টি-শার্টেও তিনি সমান স্বচ্ছন্দ। আসলে কোন অনুষ্ঠানে যাবেন, তার উপর নির্ভর করে পোশাক নির্বাচন করেন তিনি। দ্রুত তৈরি হয়ে নিলেন শ্যুটের জন্য। সৌরভের পরনের পাঞ্জাবিতে নানা রঙের ছোঁয়া, যা দোলের জন্য আদর্শ। সঙ্গে সাদা চুড়ি পাজামা পরেছেন তিনি। ঘিয়ে রঙের পাজামাও এর সঙ্গে ভালো মানাবে। হাতের স্মার্ট ওয়াচ এবং চশমায় স্মার্ট লুক তৈরি হয়েছে অভিনেতার।  
কখনো কবিতা লেখা, কখনো অভিনয়, কখনো বা পরিচালনা— নিজেকে নানা রঙে রাঙিয়ে রাখেন সৌরভ। তাঁর গালেও হলুদ এবং নীল আবিরের ছোঁয়া দিয়ে দিলেন শুভস্মিতা। হাতে মাটির থালায় সাজানো আবির। কখনো ক্যান্ডিট শট, কখনো ক্যামেরায় হাসিমুখে তাকিয়ে শট দিলেন দু’জন। 
শুভস্মিতা এবং সৌরভ দু’জনেই জীবনে নানা ওঠাপড়া দেখেছেন। কখনো প্রশংসা, কখনো বা সমালোচনা সহ্য করতে হয়েছে তাঁদের। কিন্তু মনের রং কখনো মলিন হতে দেননি। চিরসবুজ থাকা তাঁদের ভালো পারফরম্যান্সের চাবিকাঠি। ক‌্যামেরা সব সত্যি বুঝতে পারে। তাই মন রঙিন রাখেন দু’জনেই। মন যখন রঙিন, তাহলে বাতাসে ভেসে বেড়ানো প্রেমের গুঞ্জনও কি সত্যি? সৌরভ এবং শুভস্মিতা হাসির আড়ালে বুঝিয়ে দিলেন তাঁরা বন্ধু। বন্ধুত্বের রঙে রঙিন তাঁদের সম্পর্ক। এই রং ধরে রাখতে চান প্রতিদিনের যাপনে। তাঁরা একে অপরের শুভাকাঙ্ক্ষী। সেই শুভকামনা বজায় থাকুক আজীবন, এই কামনা তাঁদের অনুরাগীদেরও। 

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য 

Advertisement
সম্পর্কিত সংবাদ