Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপের বড় ম্যাচ ৩১ অক্টোবর

সুপার কাপে একই গ্রুপে পড়ল মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর সুপার কাপের ডার্বি। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।

সুপার কাপের বড় ম্যাচ ৩১ অক্টোবর
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপে একই গ্রুপে পড়ল মোহন বাগান ও ইস্ট বেঙ্গল। সূচি অনুযায়ী, ৩১ অক্টোবর সুপার কাপের ডার্বি। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। গ্রুপ ‘এ’র বাকি দুই দল চেন্নাইয়ান এফসি ও রিয়াল কাশ্মীর। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দল পরের রাউন্ডে পৌঁছবে।

Advertisement

২৫ অক্টোবর গোয়ায় শুরু সুপার কাপ। ইস্ট বেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন। এই ম্যাচটি বাম্বোলিম স্টেডিয়ামে হওয়ার কথা। সন্ধ্যায় মোহন বাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান। তবে এই গ্রুপের যাবতীয় নজর থাকবে ডার্বির দিকে। যে কোনও মঞ্চে দুই প্রধান সামনাসামনি হওয়া মানেই ধুন্ধুমার লড়াই। আসলে ডার্বিই ভারতীয় ফুটবলের সোনার হাঁস। টুর্নামেন্ট জমাতে যার জুড়ি নেই। ক্রিকেটে ভারত-পাক মুখোমুখি হওয়ার মতোই যুদ্ধ যুদ্ধ আবহ। বক্স অফিস সুপারহিট। ডুরান্ড কাপ হোক বা সুপার কাপ, হাইপ বাড়াতে সেই বড় ম্যাচই একমাত্র ভরসা। 
লিগ কাম নক-আউট ফরম্যাটে হবে সুপার কাপ। মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হচ্ছে। গ্রুপ ‘বি’তে এফসি গোয়ার চ্যালেঞ্জার জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড ও ইন্টার কাশী। অন্যদিকে, কলকাতার আর এক দল মহমেডান স্পোর্টিংয়ের গ্রুপও কঠিন। বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব, গোকুলাম কেরলের সঙ্গেই রয়েছে মেহরাজ-ব্রিগেড। তবে ট্রান্সফার ব্যান না উঠলে বিদেশি ছাড়াই খেলতে হবে রেড রোডের পাশের ক্লাবকে। গ্রুপ ‘ডি’র চার দল মুম্বই সিটি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ ও রাজস্থান ইউনাইটেড। সুপার কাপের নিয়ম অনুযায়ী ৬ বিদেশিকেই প্রথম এগারোয় খেলানো যায়। প্রথম একাদশে বিদেশির সংখ্যা কমানো নিয়ে ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহন বাগান। তবে এখনও নিরুত্তর সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ