সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতির হাতিয়ার  করা উচিত নয়, মত জয়শংকরের
  • ২৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সন্ত্রাসবাদকে কোনো অবস্থাতেই রাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত নয়। শুধু তাই নয়, সব দেশকে সন্ত্রাসবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি নেওয়ার আহ্বান জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারত দীর্ঘদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই নীতি নিয়ে চলছে। বিশ্বের কাছে আরও একবার সেই অবস্থানই তুলে ধরলেন বিদেশমন্ত্রী। দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শংকর বলেন, ‘শান্তি রক্ষার ক্ষেত্রে সন্ত্রাসবাদ এক মারাত্মক বিপদ। এই সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি কিংবা কূটনীতির হাতিয়ার হিসাবে প্রয়োগ করা উচিত নয়। কারও নাম না করে তিনি জানান, ইতিহাসের শিক্ষা সত্ত্বেও কিছু দেশ স্বার্থের জন্য সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে। এসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাতে পারছে না। যে কারণে বিশ্বজুড়ে এই সমস্যা জিইয়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রী বলেন, এই বিপদের বিরুদ্ধে রাষ্ট্রসংঘকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। নীরব দর্শক হয়ে থাকলে চলবে না। এক্ষেত্রে বিশ্বসংস্থাকে নিজের খামতি  ও সীমাবদ্ধতা চিহ্নিত করে উন্নতি সাধনের পক্ষে সওয়াল করেছেন জয়শংকর।  ভারতে রাষ্ট্রসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর স্টেফান প্রেইসনারের সামনেই এই অভিমত তুলে ধরেন তিনি। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে এসেছে বিদেশমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেছেন, বহুমেরু বিশ্বের ধারনা ক্রমেই জোরালো হচ্ছে। যে কোনো সমস্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বের বড়ো একটা অংশকে বাইরে রাখলে চলবে না। 

Advertisement