সংবাদদাতা, বনগাঁ: দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে সিপিএম - বিজেপির সংঘর্ষ গোপালনগরের আকাইপুর। দু’পক্ষের সংঘর্ষে জখম আটজন। জখমদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায়। সিপিএম নেতৃত্ব তাদের কার্যালয় দখল ও মারধরের অভিযোগ এনেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে বিজেপি।
সোমবার তৃণমূলের দখলে থাকা আকাইপুর পঞ্চায়েত নিজেদের দখলে নিয়েছে বিজেপি। এর পরদিনই বিজেপি-সিপিএম সংঘর্ষের ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। সিপিএম নেতৃত্বের দাবি, আকাইপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় ৪০ বছরের পুরনো একটি দলীয় কার্যালয় রয়েছে তাঁদের। অভিযোগ, সোমবার রাতে ওই কার্যালয়ে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি দেখতে এলাকায় যায় সিপিএম নেতৃত্ব। তখনই উত্তেজনা দেখা দেয়।
সিপিএমের অভিযোগ, ঘটনার প্রতিবাদ করলে তাঁদের বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। এবিষয়ে বনগাঁ উত্তর বিধানসভার সিপিএম কর্মী নারায়ণ বিশ্বাস বলেন, আমরা বিগত ৪০ বছর ধরে ওই কার্যালয় চালিয়ে আসছি। এদিন রাতে বিজেপি সেখানে দলীয় পতাকা লাগিয়ে দেয়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আমাদেরই বেধড়ক মারধর করা হয়।
অন্যদিকে বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, ঘরের মালিক বহু বছর আগে সিপিএম নেতা ছিলেন। তিনিই ওই কার্যালয় তৈরি করেছিলেন। দীর্ঘদিন সেটি বন্ধ ছিল। তাঁর ছেলে বর্তমানে আমাদের দলের নেতা। পঞ্চায়েতের উপপ্রধান। তিনি নিজেদের ঘর খুলেছিলেন। সেই কারণে সিপিএমের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের মারধর করে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের দাবি, বিজেপি কর্মীরা থানা ঘিরে থাকায় আমরা লিখিত অভিযোগ করতে পারিনি। তবে পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।