নাম-প্রতীক নিয়ে সংঘাতের আবহেই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূলের এক্স হ্যান্ডেল, ষড়যন্ত্রের অভিযোগ ঋত শিবিরের
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক লড়াই এবার পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ার ময়দানে। নাম ও প্রতীকের অধিকার নিয়ে নির্বাচন কমিশনের দরজায় যখন দুই পক্ষের টানাপোড়েন চলছে, ঠিক সেই আববেই আচমকা সাসপেন্ড হয়ে গেল ঋতব্রতর ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল। দলের অ্যাকাউন্ট খুলতেই ভেসে উঠছে 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' বার্তা। এক্স-এর নিয়ম ভঙ্গের কারণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে প্ল্যাটফর্মের তরফে। তবে এই সাসপেনশনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে গণতান্ত্রিক তৃণমূল। তাদের সরাসরি অভিযোগের তির মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দিকে।

Advertisement

ঋতব্রত শিবিরের অভিযোগ, পরিকল্পিতভাবে রিপোর্ট করিয়ে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করানো হয়েছে। এমনকী, এই ঘটনার নেপথ্যে মমতা-তৃণমূলের আইটি সেলের ভূমিকা রয়েছে বলেও দাবি তাদের। এই বিষয়ে সরব হয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত। তাঁর দাবি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং ঘাসের উপর জোড়া ফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নির্বাচন কমিশনের বিচারাধীন। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আইটি সেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা একাধিকবার রিপোর্ট করে তাঁদের এক্স হ্যান্ডেল সাসপেন্ড করিয়েছেন। 

অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, ডেমোক্রেটিক তৃণমূলের বাস্তবে কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। তাঁদের সঙ্গে সাধারণ মানুষ বা কর্মী-সমর্থকদের কেউ নেই বলেও কটাক্ষ করেন তিনি।