নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘যাঁরা ছটপুজোর বিরোধীতা করেছেন, তাঁরা কিন্তু কেউ নেই! মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন’, পন্ডিতিয়া রোডে ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এছাড়াও রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘যাঁরা বিরোধীতা করেছিলেন, মানুষের আবেগকে আহত করেছিলেন, বহিরাগত বলেছিলেন, তাঁদের দেবী বিসর্জন দিয়ে দিয়েছেন।’
ছটপুজোকে কেন্দ্র করে অনেক আগে থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপিকে একহাত নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘বাংলা কি আদৌ বাঙালিদের? নাকি উগ্র বিহারীদের? সনাতন ধর্ম পালন করার অর্থ কি বাঙালিদের সরিয়ে বিহারিদের প্রতিষ্ঠা করা?’ এরপরেই বিজেপিকে নিশানা করে কল্যাণ বলেন, ‘বাংলার সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।’ যদিও উত্তর দিতে দেরি করেনি বিজেপি। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ প্রশ্ন তোলেন, ‘প্রিজন ভ্যানে মা কালীর মূর্তি নিয়ে যাওয়া কিংবা মহরমের জন্য মা দুর্গার বিসর্জন বন্ধ করে দেওয়া কি বাঙালি সংস্কৃতি?’
রাজ্যের আরেক মন্ত্রী দিলীপ ঘোষ তিনিও সরব হয়েছেন এই গোটা বিষয়ে। তৃণমূলকে নিশানা করে দিলীপ বলেন, ‘এই ধরনের বিভাজন, বহুদিন ধরেই চলছিল। বাঙালি-অবাঙালি...পশ্চিমবঙ্গে উন্নয়ন স্তব্ধ হয়েছিল...নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব মুছে যাচ্ছে। সবাই এক হয়ে এখন পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে।’



