শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়ার সম্ভাবনা বৃহস্পতিবার
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৪৯
Prefer us on Google

কলকাতা, ১৬ নভেম্বর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপটি গত ৬ ঘন্টায় ৮ কিলোমিটার বেগে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। মৌসম ভবনের শেষ প্রকাশিত পর্যবেক্ষণ অনুযায়ী নিম্নচাপটি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ৬৮০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং গোপালপুর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটির ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। আজ সন্ধ্যায় দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে আরো তীব্র হয়ে নিম্নচাপটির ঘূর্ণিঝড় আকভানে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এই ঝড় শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার রাতে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 

Advertisement

সমুদ্রে দীর্ঘ সময় থাকার ফলে শক্তি অনেকটাই বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার কথা আকভানের। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হওয়ার সম্ভাবনা ১২০ থেকে ১৩০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ১৪৫ কিলোমিটারে। ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে।