অলকাভ নিয়োগী, বিধাননগর: স্মার্টসিটি নিউটাউন। চওড়া-মসৃণ রাস্তা। কিন্তু, সেই রাস্তায় ক্রমশ বাড়ছে গাড়ি-বাইকের দুর্ঘটনা। বাড়ছে মর্মান্তিক মৃত্যুও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে পথদুর্ঘটনায় গত ১০ মাসে শুধুমাত্র নিউটাউনেই ১১ জনের মৃত্যু হয়েছে! এর মধ্যে ৯ জনই বাইক চালক! বাকি দুজনের একজন গাড়ি চালক, অন্যজন ভ্যানচালক। ফলে, দুর্ঘটনা নিয়ে স্মার্টসিটিতে এখন উদ্বেগও বাড়ছে। পুলিশ জানিয়েছে, গতি নিয়ন্ত্রণ, আইন মেনে গাড়ি চালানো এবং সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচি নিয়ে একাধিক সচেতনতামূলক প্রচার করা হয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসেই ৫টি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর ফেব্রুয়ারি মাসে ১ জন, মার্চ মাসে ২ জন, অক্টোবরে ১ জন এবং নভেম্বরে ১ জন। মোট ১১ জন। পুলিশ জানিয়েছে, মৃত ৯ জন বাইক চালকের মধ্যে কয়েকজন বেপরোয়াভাবে বাইক চালিয়েছিলেন বলে তার নমুনা মিলেছে। যেমন, ১৩ জানুয়ারি যাত্রাগাছি খালপাড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক চালকই মারা গিয়েছিলেন। ২৫ জানুয়ারি ইকোপার্কের সামনে ডিভাইডারে ধাক্কা দিয়ে এক বাইক চালকের মৃত্যু হয়েছিল। ১ ফেব্রুয়ারি আলিয়ার সামনে বাম্পারে ছিটকে গিয়ে একজন বাইক চালকের মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেখানে ডিমার্কিংও করা হয়েছিল।
আবার কিছু বাইক চালক প্রাণ হারিয়েছেন গাড়ি চালকদের বেপরোয়া গাড়ির ধাক্কায়। যেমন, ২৮ জানুয়ারি চাপনায় গাড়ির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়। ১১ মার্চ যাত্রাগাছির কাছে পরপর গাড়ির ধাক্কায় অসহায়ভাবে এক বাইক চালকের মৃত্যু হয়। ৩১ অক্টোবর শ্রাচি মোড়ে গাড়ির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হয়। বেশকিছু গাড়িও বেপরোয়াভাবে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। অনেকে জখম হয়েছেন। এই যেমন ১৫ জানুয়ারি বলাকার সামনে একটি দুর্ঘটনা। গাড়িচালক এত জোরে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ডিভাইডারে ধাক্কা লেগে গাড়ি রাস্তার উপরেই উলটে যায়। গাড়ির ছাদ নীচে, চাকা উপরের দিকে! তাতে তিনজন গুরুতর জখম হন। ঠিক তার আগের দিন বন্দের মোড়ের কাছেও একই ঘটনা। তাতেও জখম হন তিনজন। গত ১০ নভেম্বর বলাকার কাছে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে ডিভাইডারে ধাক্কা দিয়ে উলটে যায়। যিনি গাড়ি চালাচ্ছিলেন পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এক পুলিশ অফিসার বলেন, একটু ফাঁকা পেলেই কিছু চালক বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করেন। তাতে শুধু নিজের ঝুঁকি নয়, অন্যের জন্যও ঝুঁকি হয়ে যায়। গতি নিয়ন্ত্রণে অটোমেটিক ক্যামেরা বসানো হয়েছে। মামলাও করা হয়। লাগাতার সচেতনতামূলক প্রচারও করছি।



