ফ্ল্যাটে প্রেমিকার বিড়ালগুলিকেও খুনের ছক ছিল যুবকের, জেরায় উঠে এল তথ্য
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে ভয়াবহ নৃশংসতা। সম্পর্ক ছিন্ন হওয়ায় প্রেমিকার দু’টি পোষ্য কুকুরকে খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। রবিবার সকালে সেই প্রেমিক অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন যাদবপুর থানার তদন্তকারীরা। সূত্রের খবর, বিজয়গড়ের ওই ভাড়া ফ্ল্যাটে আরও কিছু পোষ্য ছিল। ছিল অনেকগুলি বিড়ালও। সেগুলিকে গরম জলে পুড়িয়ে মেরে ফেলার পরিকল্পনা ছিল সঞ্জীবের। সেজন্য বড়ো ডেকচিতে গরম জল করে রেখেছিল সে। কিন্তু, ফেসবুক লাইভে দুই পোষ্যকে হত্যার ছবি দেখে ঘটনাস্থলে চলে আসেন পশুপ্রেমীরা। তার জেরে রক্ষা পায় অবলা প্রাণীগুলি। সেগুলিকে উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

৩ বছর ধরে বিজয়গড়ের ওই ফ্ল্যাটে লিভ-ইনে থাকতেন সঞ্জীব ও তাঁর প্রেমিকা। সম্প্রতি দু’জনের সম্পর্কে অবনতি ঘটে। এরপর ফ্ল্যাট ছেড়ে চলে যান তরুণী। তবে তাঁর সবকটি পোষ্যই সেখানে থাকত। অভিযুক্তকে জেরা করে পুলিশ জেনেছে, প্রেমিকার প্রতি প্রচণ্ড আক্রোশ থেকেই সঞ্জীব পোষ্যগুলিকে খুনের পরিকল্পনা করেছিল। কিন্তু, কেন এত আক্রোশ? সঞ্জীব পুলিশকে জানিয়েছে, তাঁর থেকে আট লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করেছে বান্ধবী। এরপর তিনি ফ্ল্যাট ছেড়ে পোষ্যদের রেখেই চলে যান। অভিযোগ, অনেকবার যোগাযোগ করে টাকা ফেরত চাইলেও তা দিতে রাজি হননি বান্ধবী। পোষ্যদের খুনের ছবি দেখলে সেই টাকা ফেরত পাওয়া যাবে, একথা ভেবেই নৃশংসভাবে দুই পোষ্য কুকুরকে খুন করে সঞ্জীব। কুকুর দু’টির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্তকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, দু’টি পোষ্যকেই প্রথমে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়। তাতে আচ্ছন্ন হয়ে পড়ে তারা। এরপরে তাদের গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত। তখন বিষয়টি জানাজানি হয়। পুলিশ বিজয়গড়ের ওই ফ্ল্যাটে পৌঁছে রান্নাঘর থেকে গরম জলের সেই ডেকচি পায়। জেরায় বাকি পোষ্যদের গরম জলে ডুবিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করে সঞ্জীব। অন্যদিকে, এদিন অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।