টালায় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের  উদ্যোগ, চিঠি পাঠানো হবে রেলকে
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় ফাটল ধরা ৭২ ইঞ্চি ব্যাসের ব্রিটিশ আমলের পুরানো জলের পাইপ মেরামতির পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। তার জন্য রেলের অনুমোদন প্রয়োজন। কারণ, টালা স্টেশনে রেল ইয়ার্ডে যেখানে পাইপ ফেটে অনবরত জল বেরিয়েছে, সেখানে গর্ত করে ফাটল মেরামতির কাজ করতে হবে।

Advertisement

আপাতত ৪৮ ইঞ্চি ব্যাসের অন্য একটি পাইপের সঙ্গে ওই ক্ষতিগ্রস্ত লাইনটিকে বাইপাস করে জুড়ে দিয়ে শহরে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ৭২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে যে গতিবেগে জল সরবরাহ করা হয়, ৪৮ ইঞ্চির পাইপে তা সম্ভব হয় না। অনেক জায়গা থেকেই মানুষজন অভিযোগ জানাচ্ছেন যে, আগের মতো জলের ফোর্স নেই। আধিকারিকরা জানিয়েছেন, আগে ওই ক্ষতিগ্রস্ত পাইপলাইন দিয়ে দিনে ৮০ মিলিয়ন গ্যালন জল পাঠানো হতো শহরে। এখনও তা পাঠানো হচ্ছে। কিন্তু আগের মতো রাস্তায় বা বাড়ির কলে জলের প্রেসার তৈরি করতে হলে আরও কিছু জায়গায় ভালভ বসাতে হবে। ব্রিটিশ আমলের পাইপটিও মেরামত করা প্রয়োজন। তাই রেলকে চিঠি দেওয়া হবে। টালা ব্রিজের তলায় যেখানে ফেটে গিয়েছে, সেখানে অন্তত চার মিটার গর্ত করে ক্ষতিগ্রস্ত অংশে পৌঁছাতে হবে। ফাটল মেরামত করতে হবে। কিন্তু রেল যদি গর্ত করার অনুমতি না দেয়, তাহলে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে পুরসভাকে।
জল সরবরাহ বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, ওই পাইপের ভিতরে মানুষ প্রবেশ করতে পারে। ভিতরে ঢোকার জন্য আগে যে পিটগুলি ছিল, সেগুলি কী অবস্থায় রয়েছে, তা আমরা জানি না। ব্রিজ তৈরির সময় সেগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। কোন অংশে ফাটল ধরেছে, তা আমরা জানি। সহজেই ওই অংশের মাটি খুঁড়ে ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছানো সম্ভব। তার 
জন্য রেললাইন বা ব্রিজের পিলারের কোনো ক্ষতি হবে না। একারণেই রেলকে চিঠি দেওয়া হবে। অনুমোদন মিললে কাজ শুরু করা হবে। তা না হলে আবার টালা পাম্পিং স্টেশনের ভিতর থেকে পাইপলাইনে ঢুকে লাইনটি সার্বিকভাবে 
দেখে নিয়ে মেরামতির কাজ করতে হতে পারে। সব 
কাজটাই চ্যালেঞ্জের।