তরুণীকে বিয়ের প্রতিশ্রতি দিয়ে টানা ১০  বছর ধর্ষণ, গ্রেপ্তার সিআইডির কনস্টেবল
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক তরুণীকে ১০ বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ সিআইডির এক কনস্টেবল। বলদেও সিং নামে অভিযুক্ত ওই পুলিশকর্মীকে শনিবার রাতে গ্রেপ্তার করে লেক থানা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও ওই কনস্টেবল অন্য এক তরুণীর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেন। বিয়ের কার্ড পোস্ট করেন ফেসবুকে। এরপরই তরুণী থানায় অভিযোগ করেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মী একজন অশ্বারোহী ক্রীড়াবিদ (একোয়েসট্রিয়ান)। ২০০৮ সালে খেলার মাঠেই তাঁর সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তারপর দুজনের মধ্যে কথাবার্তা হত। দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুবাদে বাড়িতে যাতায়াত শুরু হয়। ২০১৬ সালে অভিযুক্ত পুলিশকর্মীর সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কে জড়ান তরুণী। নির্যাতিতার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য ও জাহ্নবী মজুমদার জানিয়েছেন, অভিযুক্ত কনস্টেবল তাঁকে বিয়ে করবে বলে জানান। এরপর তাঁর বাড়িতে একাধিকবার আসেন। সেখানে তাঁর  সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। তরুণী রেজিস্ট্রি করার জন্য চাপ দিলে ২০২২ সালের নভেম্বর মাসে সেই সংক্রান্ত ফর্ম পূরণ করেন। কিন্তু নির্দিষ্ট দিনে রেজিস্ট্রি অফিসে হাজির হননি অভিযুক্ত। কেন তিনি এলেন না, নির্যাতিতা তা জানতে চাইলে অভিযুক্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং খারাপ ব্যবহার করেন। পরে ক্ষমা চেয়ে মিটমাট করে নিয়ে ২০২৩ সালে ফের রেজিস্ট্রির জন্য আবেদন করেন দু’জন। কিন্তু এবারও হাজির হননি বলদেও। তারপরও বিয়ে নিয়ে তরুণীর আস্থা অর্জন করতে সক্ষম হন অভিযুক্ত। এরপর তাঁর সঙ্গে তরুণীকে দীঘায় যেতে বাধ্য করেন। নির্যাতিতার অভিযোগ, সেখানে নিয়ে গিয়ে নরম পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়। তিনি আচ্ছন্ন হয়ে পড়লে ধর্ষণ করে অভিযুক্ত। ঘোর কাটার পর বিষয়টি জানতে পারেন নির্যাতিতা। এর মধ্যে বিয়ের খরচের কথা বলে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকাও নেন অভিযুক্ত। তারপর শুরু হয় তরুণীর পরিবারকে হুমকি। তরুণীকে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বলেন। চলতি মাসে নির্যাতিতা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন, ২৫ নভেম্বর ওই পুলিশকর্মীর সঙ্গে  অন্য এক তরুণীর বিয়ে ঠিক হয়েছে। মে মাসে ‘এনগেজমেন্ট’ হয়ে গিয়েছে। তখন নির্যাতিতা লেক থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের মামলা রুজু করে। শনিবার রাতে অভিযুক্তকে 
তাঁর আলিপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।