ছটপুজোর ভিড়ে গঙ্গায় ডুবন্ত সারমেয়কে উদ্ধার করে নজির মন্ত্রীর, তোয়ালে জড়িয়ে খাওয়ালেন গরম দুধও
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১২:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় আছে ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। তারই দেখা মিলল আজ। উৎসবের ব্যস্ততা ও প্রশাসনিক দায়িত্বের মাঝেও যে কতটা গভীর মানবিক দিক লুকিয়ে থাকতে পারে তারই সাক্ষী থাকল বাবুঘাট। ভোরবেলা ছটপুজোর আরাধনা চলাকালীন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই বিভিন্ন ঘাট পরিদর্শন করছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিন্তু বাবুঘাট পরিদর্শন করার সময় তিনি দেখেন একটি সারমেয় গঙ্গায় ভাসছে। আর বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তখনই তিনি ওই সারমেয়কে দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন এনডিআরএফ ও ডিএমজিকে। তৎক্ষণাৎ এনডিআরএফ কর্মীরা তিনটি স্পিড বোট নিয়ে উদ্ধার করে ওই সারমেয়কে। তারপর ওই সারমেয়টিকে কলকাতা রিভার ট্রাফিক পুলিশ জেটিতে উদ্ধার করে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গেই তাকে দেখতে ছুটে আসেন মন্ত্রী। তারপর সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় তার শরীর। যাতে ঠান্ডায় অসুস্থ না হয়ে পড়ে তার জন্য নিজ হাতে সারমেয়টিকে গরম দুধও খাওয়ান মন্ত্রী।

Advertisement

মন্ত্রী জানান, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সব জীবের মধ্যেই প্রাণ আছে। গঙ্গার জলে ভেসে যাচ্ছিল ওই সারমেয়টি। তবুও বাঁচার জন্য শেষ চেষ্টা করে যাচ্ছিল সে। এনডিআরএফ ও কলকাতা পুলিশের তৎপরতায় সারমেয়টিকে উদ্ধার করা হয়েছে।’ প্রশাসনিক তৎপরতার মাঝেও এক অবলা প্রাণীর প্রাণ বাঁচানো তাঁর কর্মসূচিতে অন্য এক মাত্রা যোগ করেছে।