পুরসভায় চালু হল পৃথক সিএসআর সেল,  উন্নয়নের কাজে ভরসা বেসরকারি ফান্ডেই?
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি অর্থ প্রাপ্তি যথেষ্ট নয়। তাই কি বেসরকারি সংস্থাই ভরসা? কলকাতা পুরসভার অন্দরে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ, বেসরকারি সংস্থার থেকে আর্থিক সাহায্য পেতে রীতিমতো ‘ডেডিকেটেড সিস্টেম’ তথা নির্দিষ্ট সেল তৈরি করেছে কলকাতা পুরসভা। এর ফলে বেসরকারি সংস্থা সহজেই তাদের সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) সংক্রান্ত প্রস্তাব জমা দিতে পারবে। তাদের দেওয়া অর্থে গতি পাবে শহরের উন্নয়ন। কিন্তু ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলে টাকার অভাব হওয়ার তো কথা নয়। তাহলে সিএসআর ফান্ডের উপর বাড়তি নির্ভরতা কেন? প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। 

Advertisement

আগেও সিএসআর ফান্ডের টাকায় কলকাতা পুরসভায় নানা কাজ হয়েছে। কোথাও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, কোথাও আবার রাস্তার মিডিয়ান স্ট্রিপে সবুজায়ন-সৌন্দর্যায়নের রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে এই টাকা। সিএসআরের অংশ হিসাবে বিভিন্ন সময় পুরসভার একাধিক পার্ক দেখভালের দায়িত্ব পেয়েছে বেসরকারি সংস্থা। প্রতি বছর শহরে বৃক্ষরোপণের জন্য পুরসভাকে গাছের জোগান দেয় আবাসন নির্মাতাদের সংগঠন ‘ক্রেডাই’। কিন্তু বেসরকারি সংস্থার অর্থে কোথায় কী কাজ হচ্ছে, তার কোনো ‘সেন্ট্রাল ডেটাবেস’ পুরসভার হাতে নেই। তাই গোটা বিষয়টি নজরে রাখতে পুরসভায় তৈরি হয়েছে সিএসআর সেল। পুর-প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে এক নির্দেশিকা জারি করে এই সেলের দায়িত্ব দিয়েছেন পুরসভার যুগ্ম কমিশনার দিব্যা মুরুগেশানকে। ছ’জন আধিকারিক এই তথ্যভাণ্ডার দেখভালের দায়িত্বে থাকবেন। কোন কাজের স্ট্যাটাস কী, প্রতি মাসে সেগুলি ‘আপ টু ডেট’ রাখতে হবে। প্রত্যেকটি বিভাগে সিএসআরের কী কী প্রস্তাব আসছে, পুরানোগুলি কী অবস্থায় রয়েছে, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তার যাবতীয় তথ্য বিভাগীয় ডিজিদের এই সেলে জমা করতে হবে। কমিশনার বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের প্রস্তাব আসছে। বহু সংস্থা উন্নয়নে সাহায্য করতে চায়। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় সিএসআর ফান্ডে কাজ করার সুযোগ অনেক। কিন্তু কোথায় আগে কী কাজ হয়েছে বা কাজ হচ্ছে, তার কোনো সেন্ট্রাল ডেটাবেস নেই। সিএসআর ফান্ডের কাজগুলি ঠিক মতো মনিটরিং হয় না। তাই এই সেল তৈরি করা হল। নিয়মিত রিভিউ হবে। অনেকেই শহরের উন্নয়নের জন্য কাজ করতে চান। বেসরকারি অর্থেরও প্রয়োজন। তাই গোটা প্রক্রিয়াকে এক ছাতার তলায় নিয়ে আসা হল। এতে কাজের সুবিধা হবে।’ সিএসআর ফান্ডের টাকায় হওয়া কাজগুলি কোনো জটিলতায় আটকে থাকলে তাও এবার দ্রুত মেটানো যাবে বলে দাবি করেন তিনি। 
যদিও সিএসআর ফান্ডে স্থায়ী বা দীর্ঘমেয়াদি উন্নয়ন কতটা সম্ভব, সেই প্রশ্ন রয়েছে। কারণ, এর আগে বিভিন্ন পার্কের ক্ষেত্রে সিএসআর ফান্ড নিয়ে পুরকর্তাদের অভিজ্ঞতা সম্তোষজনক নয় বলেই খবর। তাছাড়া, সিএসআর ফান্ড খরচ করে বহু জায়গায় রাস্তার পাশে ঠান্ডা জলের মেশিন বসানো হয়েছিল। অভিযোগ, পরে আর সেগুলির কোনো রক্ষণাবেক্ষণ করেনি সংশ্লিষ্ট সংস্থা। 
পুরসভার আইন বিভাগের প্রাক্তন মেয়র পারিষদ তথা মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘এরা তো বলে ডবল ইঞ্জিন সরকার! উন্নয়নের অর্থের তো অভাব হওয়ার কথা নয়। অত্যাধিক সিএসআর নির্ভরতা পুরসভার অর্থনীতির পক্ষে ভালো হবে বলে মনে হয় না। পুরসভার রাজস্ব আদায় বাড়াতে হবে। তা না করে উন্নয়নের কাজে বেসরকারি অর্থের উপর নির্ভরশীলতা ঠিক নয়। কলকাতা পুরসভা একটি স্বশাসিত সংস্থা। যে কাজগুলি তার নিজের করা উচিত, তার জন্য বেসরকারি সংস্থার দিকে চেয়ে থাকা স্বাস্থ্যকর লক্ষণ নয়।’