Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রিতে, ‘গরম’ হবে না বড়দিন

পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। ফলে আসন্ন বড়দিনে শীতের আমেজ উপভোগ্য হবে বলেই মনে করা হচ্ছে।

তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রিতে, ‘গরম’ হবে না বড়দিন
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমবে বলে আশা করছে আবহাওয়া দপ্তর। ফলে আসন্ন বড়দিনে শীতের আমেজ উপভোগ্য হবে বলেই মনে করা হচ্ছে। কিছুদিন আগে আবহাওয়া দপ্তর ২৫ ডিসেম্বর শীতের আমেজ নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল, তার কিছুটা হেরফের হতে পারে বলে জানাচ্ছে তারা। আগামী ২৪-২৫ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে সোমবার পূর্বাভাসে জানানো হয়েছে। আগে বলা হয়েছিল, এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে থাকবে। এখন আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রির আশপাশে থাকবে। 

Advertisement

কাশ্মীরের উপর এখন একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। সেটির প্রভাবে কাশ্মীর সহ পশ্চিম হিমালয় লাগোয়া হিমাচল প্রদেশে তুষারপাত হচ্ছে। পশ্চিমি ঝঞ্ঝা থাকলে উত্তুরে হাওয়ার সক্রিয়তা কমে যায়। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া আরও সক্রিয় হয় এবং সেই বাতাসে শীতলতার মাত্রা আরও বাড়ে। এর প্রভাবে পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ডের সঙ্গে দক্ষিণবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা কমে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ছে, পশ্চিম হিমালয়ে পরবর্তী ঝঞ্ঝা আসবে  ২৭ ডিসেম্বর নাগাদ। তবে ওই ঝঞ্ঝা দুর্বল প্রকৃতির হবে। এখন যে ঝঞ্ঝাটি কাশ্মীরের উপর রয়েছে, চলতি শীতের মরশুমে সেটিই প্রথম কোনও শক্তিশালী ঝঞ্ঝা। 
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৫.২ডিগ্রি) রবিবারের তুলনায় ১ ডিগ্রি বেড়েছে। সকালের দিকে আকাশ মেঘলা থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রা (২২.৪ ডিগ্রি) এদিন স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম ছিল। এদিন  দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা ছিল বর্ধমান। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রির আশপাশে ছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ