


লিডস: প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন প্রথম একাদশে বোলিং বিভাগে অভিজ্ঞতার অভাব স্পষ্ট। ব্রাইডন কার্স ও জশ টাং, দুই পেসার মিলিতভাবে খেলেছেন মাত্র আটটি টেস্ট। তার মধ্যে কার্স এর আগে কখনও দেশের মাঠে টেস্ট খেলেননি। অভিজ্ঞ ক্রিস ওকস অবশ্য দলে ফিরেছেন। কিন্তু তিনি ডিসেম্বরের পর প্রথমবার টেস্ট ম্যাচ খেলবেন।
ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন জো রুট। শুক্রবার হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। তার আগে ইংল্যান্ডের ব্যাটিংয়ের প্রধান ভরসা বলেছেন, ‘উত্তেজক সিরিজের অপেক্ষায় রয়েছি। ভারত দুর্দান্ত দল। ভারসাম্য রয়েছে সব বিভাগেই। সিম আক্রমণও বিধ্বংসী। ব্যাটিংয়ে প্রতিভার অভাব নেই। আর স্পিন আক্রমণও শক্তিশালী। বিশ্বের যে কোনও জায়গায় ওরা লড়াই করার ক্ষমতা ধরে। অবশ্য ঘরের মাঠে আমাদের রেকর্ডও চোখধাঁধানো। আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামব আমরা। পাশাপাশি ভারতীয় দলের প্রতি থাকবে আমাদের পূর্ণ সমীহ।’ আসন্ন সিরিজে রুটই বড় কাঁটা টিম ইন্ডিয়ার। টেস্টে তাঁর নামের পাশে আপাতত ১৩ হাজার ৬ রান। তার মধ্যে গত তিন বছরেই এসেছে ৩ হাজার ১১৭।
ইংরেজ ব্রিগেডের অধিনায়ক বেন স্টোকস আবার বিরাট কোহলির না থাকা নিয়ে মুখ খুলেছেন। ইংল্যান্ড বোর্ডের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, ‘বিরাটের লড়াকু মানসিকতা ও জেতার অদম্য খিদে মুগ্ধ করার মতো। ভারত নিশ্চিতভাবে ওর অভাব টের পাবে। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের সেবা করেছে ও।’ অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর বিরাটকে মেসেজ পাঠিয়ে ছিলেন স্টোকস। সেই প্রসঙ্গে ইংরেজ অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, ওকে টেক্সট করেছিলাম। লিখেছিলাম যে, ওর মতো প্রতিদ্বন্দ্বীকে এমন ব্লকবাস্টার সিরিজে না পাওয়া দুঃখের। কারণ, বিরাটের বিরুদ্ধে খেলা উপভোগ করি। সত্যি বলতে, আমরা উভয়েই একে অন্যের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। মাঠে দু’জনেই আগ্রাসী মানসিকতা নিয়ে নামি। তাই খেলাটা যুদ্ধে পরিণত হয়।’
ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (ক্যাপ্টেন), জেমি স্মিথ (কিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।