মদ্যপ অবস্থায় তিনতলা থেকে গ্যাস সিলিন্ডার ছুড়ে খুন! মৃত যুবক
  • ২৮ নভেম্বর, ২০২৬ ১৫:১৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ নভেম্বর: প্রতিবেশীদের সঙ্গে বচসার জেরে ভয়াবহ কাণ্ড দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুরে। মদ্যপ অবস্থায় রাগের মাথায় তিনতলার বারান্দা থেকে ভর্তি এলপিজি সিলিন্ডার ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে। আর সেই ছুড়ে দেওয়া সিলিন্ডারের আঘাতে মৃত্যু হয় ২৮ বছরের এক যুবকের। গতকাল বিন্দাপুর এক্সটেনশনের রাধিকা অ্যাপার্টমেন্টে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়োয়া গোটা এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম সাহিল। তিনি ওই আবাসনেরই একতলায় স্ত্রী ও দেড় বছরের সন্তানকে নিয়ে থাকতেন। পেশায় সাপ্তাহিক বাজারের কর্মী সাহিল ঘটনার সময় বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। সেই সময় তিনতলা থেকে ছোড়া সিলিন্ডারটি সরাসরি সজোরে তাঁর মাথায় এসে পড়ে। এরপর গুরুতর জখম অবস্থায় সাহিলকে দেখতে পান স্থানীয়রা। দেরি না করে সাহিলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। পরে তাঁকে আরেক হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্মরত চিকিৎসকেরা সাহিলকে মৃত বলে ঘোষণা করেন। 
পুলিশ সূত্রেজানা গিয়েছে, অভিযুক্ত শিবম শর্মা ওরফে শিব পেশায় দর্জি। অভিযোগ, ঘটনার দিন সকাল থেকেই মদ্যপান করছিলেন তিনি। কাজে না গিয়ে আবাসনের পার্কিং এলাকায় কয়েকজন বাসিন্দার সঙ্গে বচসায় জড়ান সে। এরপর গতকাল সন্ধ্যায় সেই ঝামেলা চরমে পৌঁছলে রাগের মাথায় তিনতলার বারান্দা থেকে ভর্তি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে দেন। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে তদন্তকারী দল। কী কারণে এই বচসা এবং কীভাবে পরিস্থিতি এমন ভয়াবহ হয়ে উঠল, তা খতিয়ে দেখছে পুলিশ।