Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেক-গিলের ঝড়ে উড়ে গেল পাকিস্তান, সুপার ফোরের লড়াইয়ে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া

গত রবিবার গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেই জয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাশাপাশি, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।

অভিষেক-গিলের ঝড়ে উড়ে গেল পাকিস্তান, সুপার ফোরের লড়াইয়ে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৯
Prefer us on Google

দুবাই: গত রবিবার গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেই জয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাশাপাশি, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। এই রবিবার সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তিনি ফের আগ্রাসী মেজাজে। প্রচারমাধ্যমের সামনে এসে সূর্য হাসতে হাসতে বলেন, ‘আপনারা ভারত-পাকিস্তান দ্বৈরথ জাতীয় কথাবার্তা এবার বন্ধ করুন। ১৫-২০টা ম্যাচের পর দুটো দলের জেতা-হারার হিসাব ৭-৭ বা ৮-৭ হলে দ্বৈরথের কথা বলা যায়। কিন্তু স্কোরলাইন যদি ১০-১ বা ১৩-০ হয়, তাহলে ওই শব্দটা অর্থহীন। আমি অবশ্য সঠিক বলতে পারব না হালফিল দুই দেশের সাক্ষাতের পরিসংখ্যান। তবে এই ম্যাচটাকে আর দ্বৈরথ বলা যায় না।’ পরিসংখ্যান অনুসারে গত ১৫টা সাক্ষাতে পাকিস্তানের বিরুদ্ধে ১২-৩ এগিয়ে রয়েছে ভারত। আর শেষ ১১ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া এগিয়ে ৯-২ ফলে। সূর্য এই একচেটিয়া দাপটের কথাই মনে করিয়ে দিয়েছেন পাক সাংবাদিকদের। অর্থাৎ, শুধু বাইশ গজে নয়, মাঠের বাইরেও পাকিস্তানকে বাস্তবটা বুঝিয়ে ছাড়লেন সূর্যরা।

Advertisement

চলতি আসরে টানা চার ম্যাচ জিতল ভারত। গর্বিত ক্যাপ্টেন বলেছেন, ‘ছেলেরা লড়াকু মানসিকতার পরিচয় রাখছে। জ্বলে উঠছে প্রতি ম্যাচেই। এতে আমার কাজটা সহজ হয়ে ওঠে। প্রথম দশ ওভারে পাকিস্তান ৯১ রান তোলার পরও সবাইকে বলেছিলাম শান্ত থাকতে। জানতাম, আসল খেলা এবার শুরু হচ্ছে।’ কিন্তু যশপ্রীত বুমরাহ যে ছন্দে নেই। তাঁকে আড়াল করলেন সূর্য, ‘এটা হতেই পারে। বুমরাহ রোবট নয়। খারাপ দিন যেতেই পারে।’প্রতিবাদী ভূমিকায় ধরা দিলেন ‘ম্যাচের সেরা’ অভিষেক শর্মাও। সাফ বললেন, ‘পাকিস্তানের বোলাররা একটু বেশিই বাড়াবাড়ি করছিল। বিনা কারণে তেড়ে আসছিল আমাদের দিকে। ছুড়ে দিচ্ছিল কথা। উত্যক্ত করছিল। এটা একেবারেই মানতে পারিনি। সেজন্যই ব্যাট হাতে জবাব দিলাম। আমার পক্ষে তো একমাত্র এভাবেই ওদের শিক্ষা দেওয়া সম্ভব। তাই সেটাই করেছি। দলকে জেতাতে চেয়েছিলাম প্রবলভাবে।’ 
অভিষেক-শুভমানের প্রবল দাপটের মধ্যেও চিন্তায় রাখছে ক্যাচ মিস। তার মধ্যেই অবশ্য উজ্জ্বল শিবম দুবে। এদিন তাঁর চার ওভারে উঠল ৩৩ রান। তার চেয়েও গুরুত্বপূর্ণ, দুই সেট ব্যাটার ফারহান ও সাইমের উইকেট তাঁরই। কে ভেবেছিল, বুমরাহ-কুলদীপদের উপস্থিতিতে দলের সফলতম বোলার হবেন তিনি! কোনও সন্দেহ নেই, বোলার শিবমের উত্থান এশিয়া কাপে ভারতের মস্ত বড় ইতিবাচক দিক। মিডিয়াম পেসারের পকেটে এর মধ্যেই পাঁচ উইকেট। সাত থেকে আট মিটারের শর্ট অব গুড লেংথ এবং আট থেকে দশ মিটারের ব্যাক অব লেংথে নিয়মিত বল রাখছেন সুদর্শন অলরাউন্ডার। মারার জায়গা দেন না ব্যাটারদের। তাঁর জন্যই মাত্র একজন বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে দল। বাড়ছে ব্যাটিং গভীরতাও। সূর্য বলেছেন, ‘চাপের মুখে দারুণ বল করেছে ও।’ শিবমের তারিফ শোনা গিয়েছে বিশেষজ্ঞদের মুখেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ