Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কোটলায় বড় রানে চোখ টিম ইন্ডিয়ার

মোতেরায় প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হয়েছিল। ইনিংস ও ১৪০ রানে জিতেছিল ভারত। কোটলায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একচ্ছত্র দাপট অব্যাহত গিল ব্রিগেডের।

কোটলায় বড় রানে চোখ টিম ইন্ডিয়ার
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মোতেরায় প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হয়েছিল। ইনিংস ও ১৪০ রানে জিতেছিল ভারত। কোটলায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একচ্ছত্র দাপট অব্যাহত গিল ব্রিগেডের। মাত্র দুই উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছে গিয়েছে ৩১৮ রানে। যশস্বী জয়সওয়াল খেলছেন ১৭৩ রানে। সঙ্গী অধিনায়ক শুভমান গিল (২০)। ড্রেসিং-রুমে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল (৩৮) ও সাই সুদর্শন (৮৭)। ম্যাচের যা পরিস্থিতি, তাতে নিশ্চিতভাবেই বড় রানের বোঝা চাপতে চলেছে ক্যারিবিয়ানদের উপর। সফরকারী দলের যা দৈন্যদশা, তাতে বিশেষ প্রতিরোধের সম্ভানাও নেই। জল্পনা জোরদার, এই টেস্টও কি মোতেরার মতো তিনদিনেই শেষ হবে!

Advertisement

আসলে এই ওয়েস্ট ইন্ডিজ দল অতীতের ছায়াও নয়। ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ, কার্টলে অ্যামব্রোজের দেশের পেস আক্রমণ দেখলে মায়া হয়। জেডন সিয়েলস, অ্যান্ডারসন ফিলিপ, জাস্টিন গ্রেভসদের বোলিং পাতে দেওয়ার মতোই নয়। বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানই যা কিছুটা নজরে পড়লেন। প্রথমে রাহুলকে ক্রিজের বাইরে টেনে এনে স্টাম্পড করান তিনি। সুদর্শনের জীবনের প্রথম টেস্ট শতরান হারানোর পিছনেও ওয়ারিক্যান। অবশ্য এক্ষেত্রে বোলারের থেকেও বেশি কৃতিত্ব পিচের। প্রায় একহাত ঘুরল তাঁর ডেলিভারি। প্রথম দিনেই যদি এই হয়, তাহলে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবদের সামলাতে ল্যাজেগোবরে হওয়ার কথা রোস্টন চেজের দলের। আর কোটলা এমনিতেই স্পিনারদের স্বর্গরাজ্য। অবশ্য বিপক্ষ যতই দুর্বল হোক না কেন, প্রশংসা প্রাপ্য যশস্বীর। কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান করলেন তিনি। এরমধ্যে পাঁচটিতেই দেড়শো প্লাস স্কোর। ২৪ বছর হওয়ার আগে একমাত্র ডন ব্র্যাডম্যানেরই এতগুলো দেড়শো প্লাস রান ছিল। তাৎপর্যের হল, ঘরের মাঠে যশস্বীর প্রতিটি শতরানই দেড়শোর উপর।
শেষ ছ’টি টসই হেরেছিলেন গিল। কোটলায় এদিন প্রথমবার ক্যাপ্টেন হিসেবে টস জিতলেন। টসে জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক। ওপেনিংয়ে ৫৮ ওঠার পর মুহূর্তের ভুলে ফেরেন লোকেশ রাহুল। তিন নম্বরে নামা সুদর্শনকে অবশ্য সাবলীল দেখাল। দ্বিতীয় উইকেটে যশস্বীর সঙ্গে তিনি যোগ করলেন ১৯৩। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হারানোর আক্ষেপ অবশ্য থাকবে সুদর্শনের। চার নম্বরে নামা গিলকেও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। জয়সওয়াল ও তাঁর অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এখনও পর্যন্ত উঠেছে ৬৭। শনিবার তাই কোটলায় বাইশ গজে শটের ফুলঝুরির অপেক্ষায় সমর্থকরা।
স্কোর: ভারত প্রথম ইনিংস- যশস্বী ব্যাটিং ১৭৩, রাহুল স্টাঃ ইমলাচ বো ওয়ারিক্যান ৩৮, সুদর্শন এলবিডব্লু বো ওয়ারিক্যান ৮৭, গিল ব্যাটিং ২০, মোট (৯০ ওভারে) ৩১৮-২। উইকেট পতন: ১-৫৮, ২-২৫১। বোলিং: সিয়েলস ১৬-১-৫৯-০, ফিলিপ ১৩-২-৪৪-০, গ্রিভস ৮-১-২৬-০, পিয়েরে ২০-১-৭৪-০, ওয়ারিক্যান ২০-৩-৬০-২, চেজ ১৩-০-৫৫-০।

Advertisement
সম্পর্কিত সংবাদ