প্রথম টেস্টের চতুর্থ দিনে  একাধিক নজির, চালকের আসনে থেকেও চিন্তায় ভারত
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৩:৫১
Prefer us on Google

ওয়েলিংটন, ২২ নভেম্বর: বিদেশের মাটিতে ব্যাট হাতে ইতিহাস লিখলেন ভারতীয় ব্যাটাররা। প্রথম টেস্টের চতুর্থ দিনে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ৩৫২ রানের বিশাল লিড নেয় টিম ইন্ডিয়া। ঋষভ পন্থের দুরন্ত শতরান, কে এল রাহুলের সেঞ্চুরি এবং দলের একাধিক ব্যাটারের বড় ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারালেও দিন শেষে ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড। 

Advertisement

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৮ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এর ফলে ভারত নিউজিল্যান্ডের থেকে ৩৫২ রানের বিশাল লিড পায়। নিউজিল্যান্ড ও বিদেশের মাটিতে এটিই এক ইনিংসে সর্বোচ্চ রান ভারতের। এর আগে বিদেশে ভারতের সর্বোচ্চ টেস্ট ইনিংস ছিল ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় ৭০৭ রান। গতকাল ঋষভ পন্থ অর্ধশতরান করে মাঠ ছেড়েছিল। আজ চতুর্থ দিনে সেই অর্ধশতরানটাকেই শতরানে পূরণ করলেন। তিনি ১২৮ রান করে সাজঘরে ফেরেন। এর পাশাপাশি ঋষভকে ভালো সঙ্গ দেন ধ্রুব জুরেলও। তিনিও ৭৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে প্রথম ওভারেই ধাক্কা দেন বুমরাহ। টম লাথামকে ০ রানেই ফিরিয়ে দেন তিনি। এরপর কনওয়ে ও নিকোলাসের মধ্যে ৬০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু এবার প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নিকোলাস। এরপর কনওয়ে ও রবীন্দ্র নিজেদের বোঝাপড়া ঠিকঠাক রেখে ইনিংসকে এগিয়ে গিয়ে যান। এরপর কনওয়ে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন। চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১১৯ রানে শেষ করে নিউজিল্যান্ড। ভারতের থেকে এখনও ২৩৩ রানে পিছিয়ে রয়েছে। 

নিউজিল্যান্ডের মাটিতেও ব্যাট হাতে ইতিহাস লিখল ভারত। ব্যাটিংয়ে দলের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকের অর্ধশতরান এবং প্রথম সাত উইকেটে সাতটি পঞ্চাশ রানের পার্টনারশিপ গড়ে নতুন ইতিহাস লিখল শুভমান গিলের দল। দীর্ঘ ৯৩ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে এই কৃতিত্ব অর্জন করল ভারত। এর আগে ১৯৩৩ সালে অকল্যান্ডে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্টে এমন ঘটনা ঘটেছিল। 

ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও কে এল রাহুল প্রথম ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই চার দেশে টেস্টে সেঞ্চুরি করেছেন। ঋষভ পন্থও প্রথম এশীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে এই চার দেশে টেস্টে শতরান করার নজির গড়েছেন। চালকের আসনে শুরু করে এখনও চিন্তায় রয়েছে ভারত। জিততে হলে এখনও ৮ উইকেট তুলতে হবে। কিন্তু নিউজিল্যান্ডের লক্ষ্য ড্র। শেষ দিনে কোন দল বাজিমাত করে এখন সেটাই দেখার।