রাহুলের অনবদ্য ১৩৬  সেঞ্চুরি হাতছাড়া ক্যাপ্টেন গিলের, বড়ো লিড নিয়ে কিউয়িদের চাপে ফেলাই লক্ষ্য ভারতের
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েলিংটন: বেসিন রিজার্ভে চালকের আসনে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে লিড আপাতত ১১৮ রানের। হাতে এখনও ছয় উইকেট। রবিবার আড়াইশোর কাছাকাছি লিড নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। কিউয়িদের দ্বিতীয় ইনিংসে দশ উইকেট ফেলার জন্য চার-সাড়ে চার সেশন হাতে রাখা দরকার। সে জন্য চতুর্থ দিন চালিয়ে খেলতে হবে ঋষভ পন্থদের। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে দুই টেস্টের এই সিরিজ জিততেই হবে শুভমান গিল ব্রিগেডকে।

Advertisement

শনিবার ভারতের বড়ো ইনিংস গড়ার নেপথ্যে প্রধান নায়ক লোকেশ রাহুল। ডানহাতি ওপেনার এদিন শুরু করেন ৫২ রানে। তারপর ধীরে ধীরে এগিয়ে যান শতরানের দিকে। কেরিয়ারের ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরিটি আসে ২০৭ বলে। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে শচীন, আজহারউদ্দিন ও দ্রাবিড়ের পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট শতরানের স্বাদ পেলেন তিনি। নিশ্ছিদ্র রক্ষণের সঙ্গে আগ্রাসনকে দারুণভাবে মেশালেন ৩৪ বছর বয়সি ওপেনার। দিনের তৃতীয় সেশনে ১৩৬ রানে বোল্ড হন তিনি। তাঁর ইনিংস সাজানো ৯টি চার ও ২টি ছক্কায়। তিনে নামা দেবদত্ত পাদিক্কালকেও স্বচ্ছন্দ দেখাচ্ছিল। দ্বিতীয় উইকেটে রাহুলের সঙ্গে ১৬৫ রানের জুটিও গড়েন। তাঁর শতরানও নিশ্চিত মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ৮০ রানে আউট হলেও তিন নম্বরে নিজের জায়গা পাকাপোক্ত করলেন পাদিক্কাল।
শুভমান গিলের যন্ত্রণা অবশ্য তুলনায় অনেক বেশি। ক্রিজে এসেই আক্রমণাত্মক মেজাজ মেলে ধরেন অধিনায়ক। রানের গতি আটকাতে কিউয়িরা ‘শর্টপিচ থিওরি’ নেয়। সেই জাল কেটে বেরতে গিল কখনও লেগে সরে গিয়ে অফে আপার কাট মারেন, কখনও আবার রকমারি পুলের প্রদর্শনীও মেলে ধরেন। রাহুলের সঙ্গে তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করেন তিনি। এরপর ঋষভ পন্থের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন ১০০। কিন্তু দিনের শেষ ওভারে বোল্ড হয়ে মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন গিল। ১৪৬ বলে তাঁর ৯৮ রানের ইনিংসে রয়েছে ৯টি চার ও ২টি ছক্কা। এই নিয়ে চতুর্থবার টেস্টে নড়বড়ে নব্বইয়ের শিকার তিনি।
ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। ৬২ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৫৫। তাঁর আগ্রাসী ব্যাটিং নিশ্চিতভাবেই চতুর্থদিন সকালে মাঠে টেনে আনবে ক্রিকেটপ্রেমীদের। ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পূর্ণ করেছেন হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেট যা ঘটল মাত্র পঞ্চমবার।