বিশ্বজিৎ ভট্টাচার্য: ০-০, ০-২, ৩-৫, ২-২। এসিএল টু এবং আইএসএল মিলিয়ে শেষ চার ম্যাচে জয়হীন ইস্ট বেঙ্গল। শুধু তাই নয়, ৯ গোল হজম করেছে আনোয়ারহীন রক্ষণ। হাবাস ব্রিগেডকে নিয়ে সমালোচনার ঝড়। তার উপর ৭ দিন পরেই হাই-ভোল্টেজ ডার্বি। ইস্ট বেঙ্গল সমর্থকদের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়। বেশ কিছু ফুটবলারের আত্মবিশ্বাস তলানিতে। ব্যক্তিগত মত, ইস্ট বেঙ্গল স্কোয়াডে ফাইন টিউন দরকার। যত দ্রুত সম্ভব তা স্প্যানিশ কোচকেই করতে হবে।
দারুণভাবে মরশুম শুরু করেছিল ইস্ট বেঙ্গল। ২৩ আগস্ট ডুরান্ড কাপ জয়ের পর কার্যত হাওয়ায় উড়ছিল এডমুন্ডরা। কে জানত, ৩ মাসের মধ্যেই গেল গেল রব উঠবে! ঘরের মাঠে এসসি দিল্লিকে হারিয়ে প্রত্যাবর্তনে মরিয়া ছিলেন হাবাস। ৩ পয়েন্ট তো দূরের কথা, কোনোপ্রকারে মান বাঁচাল লোবার গোল। কেন এমন হচ্ছে? আসলে হাবাস ব্রিগেডের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল চেন্নাইয়ান। তাতেও সতর্ক হননি অভিজ্ঞ কোচ। দুই উইং ব্যাকই নড়বড়ে। ওভারল্যাপে ভালো ক্রস নেই। পজিশন জ্ঞানও দুর্বল। বিশেষ করে হার্দিক ভাট দলের বোঝা। জয় গুপ্তাও তথৈবচ। তাদের কভার করতে গিয়ে দুই স্টপারের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে। এখানেই শেষ নয়। মাঝমাঠে জিকসন, রশিদ ও রামিরেজের উপর দলের ব্যালান্স নির্ভরশীল। কিন্তু ৬০ মিনিটের পর কোমরে হাত পড়ছে রশিদদের। খেয়াল করে দেখুন, দিল্লির বিরুদ্ধেও দ্বিতীয়ার্ধে হারিয়ে গেল জিকসনরা।
এমন সময়ে দ্রুত রদবদল ঘটিয়ে হাল ফেরানো জরুরি। তবে হাবাস অনেক দেরি করে ফেললেন। অভিজ্ঞ বরিস, রেনিয়াররা কি এখনও ইস্ট বেঙ্গলে আছে? দেখে তো মনেই হয় না। ওদের বসিয়ে রাখার সিদ্ধান্ত যুক্তিহীন। ব্যাখ্যাটা হাবাসই দিতে পারবেন। ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ তিনি। তাই দায় নিতে হবে তাঁকেই। মনে রাখা উচিত, ময়দান বড়ো কঠিন ঠাঁই। এখানে কোনো কিছুই স্ট্যাটিক নয়।



