নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম ম্যাচের ধাক্কা ভুলে আইএসএলে দুরন্ত ছন্দে মোহন বাগান। আন্তর্জাতিক বিরতির আগে শীর্ষস্থানে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। ৫ ম্যাচে ১২ পয়েন্ট। তবে পানোস ব্রিগেডকে সিংহাসনচ্যুত করেছে বেঙ্গালুরু এফসি (৫ ম্যাচে ১৩ পয়েন্ট)। এমন পরিস্থিতিতে রবিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে মোহন বাগান। জয়ের ছন্দ বজায় রেখে সিংহাসন পুনরুদ্ধারে মরিয়া পালতোলা নৌকা ব্রিগেড। সাংবাদিক সম্মেলনে পানোস বলেন,‘চার্চিল লড়াকু দল। হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই। তাই গোলপার্থক্য বাড়ানোর চেয়ে জয় নিশ্চিত করাই প্রধান লক্ষ্য থাকবে।’ পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিতি ছিলেন লিস্টন কোলাসো। মরশুমের শুরুটা ভালো না হলেও সম্প্রতি তাঁকে ছন্দে দেখা গিয়েছে। জাতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি। লিস্টনের কথায়, ‘শুরুটা ভালো হয়নি। তবে এখন ছন্দে ফিরেছি। প্রথম একাদশে থাকি বা পরিবর্ত হিসাবে মাঠে নামি, দলের জয়টাই আসল।’
চার্চিলের মুখোমুখি হতে শনিবার দুপুরে গোয়ায় পৌঁছেছে মোহন বাগান। সন্ধ্যার দিকে জিমে সামান্য গা ঘামান আলবার্তো, শুভাশিসরা। পুরোপুরি ফিট না থাকায় স্কোয়াডের সঙ্গে যাননি মিগুয়েল। সাহালেরও চোট। তাই ফিডারের ভূমিকায় রবিবার কাকে ব্যবহার করা হবে, সেটাই দেখার। কলকাতায় অনুশীলনে ড্রাজিচকে নম্বর ১০ পজিশনে পরখ করে নিয়েছিলেন পানোস। তবে স্বস্তির খবর, দুই স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও লি আরউইন ফিট। প্রথম একাদশে হয়তো ম্যাকাকে রেখেই দল সাজাবেন কোচ। দুই উইঙ্গারে সম্ভবত লিস্টন ও মনবীর। মাঝমাঠে জেলকোভিচের সঙ্গে জুটি বাঁধতে পারেন আপুইয়া। তৈরি রাখা হয়েছে অনিরুদ্ধ থাপাকেও। তবে রক্ষণভাগে শাফল করতে পারেন কোচ। কারণ, আলবার্তোর তিনটি হলুদ কার্ড রয়েছে। আর একটি দেখলেই পরের ম্যাচ, অর্থাৎ ডার্বিতে খেলতে পারবেন না। পানোস কি অল-ইন্ডিয়ান ডিফেন্সে খেলার ঝুঁকি নেবেন? অনুশীলনেও রাহুল ভেকে-মেহতাব জুটিকে ঝালিয়ে নেওয়া হয়েছে।
পক্ষান্তরে, চলতি মরশুমেই প্রথমবার আইএসএলে খেলছে চার্চিল ব্রাদার্স। লড়াকু মানসিকতার পরিচয় রাখলেও চার ম্যাচের মাত্র একটিতে জিতেছে গোয়ার দলটি। ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের কাছে ০-৪ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল দিমিত্রিস দিমিত্রিউয়ের দল। মোহন বাগানও সেরকম কিছুর আশায় রয়েছে। তবে বাগান কোচ পানাজিওটিস বেশ সতর্ক। গোয়ায় কোনোভাবে ছন্দপতন ঘটলে প্রভাব পড়বে ডার্বিতেও। সেক্ষেত্রে অংক কষেই তিন পয়েন্ট ছিনিয়ে নিতে চান মোহন বাগানের গ্রিক কোচ।
খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার ইউটিউব ও সোনি স্পোর্টসে।



