পরিশ্রমের ফল পেলাম: লোকেশ
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়েলিংটন: টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এক যুগ আগে। তার ১২ বছর পরে কিউয়িদের দেশে প্রথমবার টেস্ট খেললেন লোকেশ রাহুল। আর সেই মুহূর্ত স্মরণীয় করে তুললেন দুরন্ত শতরানে। ২৯০ বলে ১৩৬ রানের এই ইনিংসের নেপথ্যে দীর্ঘ প্রস্তুতি, নির্দিষ্ট গেমপ্ল্যান ও অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। রাহুলের বক্তব্য, ‘এখানে শতরান করতে পেরে তৃপ্ত। তিন-চার সপ্তাহ ধরে এদেশে রয়েছি। নেটে প্রচুর খেটেছি। দুর্ভাগ্যবশত, ভারত এ দলের হয়ে বেসরকারি টেস্টে রান পাইনি। তবে নেটে প্রচুর সময় দিয়েছি। এখানকার কন্ডিশনে সাফল্য পেতে গেলে কী করা দরকার, তা চিহ্নিত করেছি।’

Advertisement

শুধু নেটে পড়ে থাকা নয়, ভিডিয়ো অ্যানালিসিসেও প্রচুর সময় ব্যয় করেছেন রাহুল। অতীতে নিউজিল্যান্ডে যাঁরা রান পেয়েছেন, তাঁদের ফুটেজ দেখেছেন মন দিয়ে। এই তালিকায় ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন অ্যালিস্টার কুকের সঙ্গে জো রুট, হ্যারি ব্রুকের নামও রয়েছে। তার ভিত্তিতে মানসিকভাবে তৈরি হয়েছেন ‘কেএল’। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘গত ছয়-সাত মাস ধরে নিউজিল্যান্ডে টেস্ট খেলার জন্য তৈরি হয়েছি। হোমওয়ার্কে জোর দিয়েছি। কোনো ফাঁকি যেন না থাকে, সতর্ক ছিলাম।’ নিজের মধ্যে ওপেনারের মানসিকতা ফিরিয়ে আনতেও জোর দেন রাহুল। তাঁর মতে, ‘মাঝের ১৫-১৮ মাসে সেভাবে ওপেন করিনি। মিডল অর্ডারে নামছিলাম দেশের হয়ে। ফলে প্রত্যেক বলেই মারার অভ্যাস গড়ে উঠেছিল। এটাকে দূর করতে নেটে সচেষ্ট ছিলাম। কারণ সিমিং কন্ডিশনে যত কম ডেলিভারিতে ব্যাট ছোঁয়ানো যায়, তত বাড়ে সাফল্যের সম্ভাবনা।’ অর্থাৎ, বল ছাড়ায় জোর দিয়েই লক্ষ্য ছুঁয়েছেন ডানহাতি ওপেনার।
স্কোরবোর্ড: প্রথম ইনিংসে নিউজিল্যান্ড- ৩৬৮। প্রথম ইনিংসে ভারত (১৫৯-১ এর পর)- রাহুল বো স্মিথ ১৩৬, পাদিক্কাল বো জেমিসন ৮০, গিল বো ডাফি ৯৮, পন্থ ব্যাটিং ৫৫, কম্বোজ ব্যাটিং ০, অতিরিক্ত ৩২, মোট ৪৮৬-৪)। উইকেট পতন: ২-২৯৫, ৩-৩৮৬, ৪-৪৮৬। বোলিং: হেনরি ২৯-৭-৮৬-১, জেমিসন ২৭-৬-৫৭-১, ডাফি ২৯-১-১৮০-১, স্মিথ ২৪-৪-৬৫-১, ফিলিপস ১৪-০-৭৬-০, রাচীন ২-০-৬-০।