নবি মুম্বই, ২৩ নভেম্বর: আগুনের গ্রাসে একের পর এক গুদাম। তেলের গুদামে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি সংস্থায়। ঘটনাটি ঘটেছে নবি মুম্বইয়ের ভাশি এলাকায়। এই দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে ভাশি এলাকার একটি তেলের গুদামে ভয়াবহ আগুন লাগে। ওই গুদামে প্রচুর তেল ও দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন তীব্র আকার ধারণ করে। পাশে থাকা প্লাইউড সংস্থা ও কুরিয়ার সংস্থার গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মাঝেই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। প্রায় ১০ থেকে ১২ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে তিনটি সংস্থার বিপুল সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণও এখনও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখছে তদন্তকারীরা।



