দুমকা, ২৩ নভেম্বর: প্রস্তাবিত খনি চালুর প্রতিবাদে তীব্র বিক্ষোভ-উত্তেজনা। ঝাড়খন্ডে গ্রামসভা চলাকালীন পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি পাথর ছোড়ার মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় অন্তত ১০ জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন, বলেই সূত্রের খবর। কারও মাথা ফেটেছে, কারও আবার হাতে চোট লেগেছে। আহতদের সকলকেই ফুলো ঝানো মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
এইচপিজিসিএল-র প্রস্তাবিত কয়লা খনি চালুর প্রতিবাদে রবিবার দুমকা জেলার শিকারিপাড়া ব্লকের বাদলপাড়া-কল্যাণপুর এলাকায় একটি গ্রামসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই আচমকা হট্টগোল শুরু হয় এবং সে সময়ই পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে।
দুমকার ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার অনিকেত সচান বলেন, ‘কয়লা খনি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামসভাটি ডাকা হয়েছিল এবং সেখানে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এর মধ্যেই হঠাৎ হট্টগোল শুরু হয়। সেই সময় মোতায়েন থাকা পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয়।’



