নয়াদিল্লি: প্রথমবার ব্যর্থ। আর দ্বিতীয় চেষ্টাতেও জোগাড় হচ্ছে না কাঙ্ক্ষিত নম্বর। লোকসভা এবং রাজ্যসভা—এই দুই কক্ষেই যদি ‘পাশ মার্কস’ পাওয়ার মতো এমপি জোগাড় না হয়, ফের মুখ পুড়বে মোদি সরকারের। অথচ, ডিলিমিটেশন বিল দিনের আলো না দেখলেই নয়। কারণ বিরোধীদের দাবি, এখানেই লুকিয়ে আছে নরেন্দ্র মোদির টিকে থাকার জিয়নকাঠি। একবার ডিলিমিটেশন বিলের মাধ্যমে ৮৫০ আসন এবং পছন্দমতো পুনর্বিন্যাস হয়ে গেলেই কেল্লাফতে। ভোটে ঠিক বৈতরণী পার করে যাবে বিজেপি। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ নিয়ে আসরে নামল শিবসেনা (উদ্ধবপন্থী)। রবিবার সঞ্জয় রাউত সাফ বললেন, ‘আসন্ন শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন বিল পাশ করতে দল ভাঙার খেলায় নেমেছে বিজেপি। বড়ো ভাঙন ধরাতে না পারলে সাংসদদের আলাদা আলাদাভাবে অফার দেওয়া হচ্ছে। সাংসদ প্রতি দর দেওয়া হচ্ছে ১৫০ কোটি টাকা।’
নিশ্চিতভাবে অঙ্কটা চোখ কপালে তোলার মতো। বিরোধীরা অভিযোগ করছে, যেভাবে হোক আগে নম্বর নিশ্চিত করতে চাইছে বিজেপি। তাই পিছিয়ে দেওয়া হয়েছে শীতকালীন অধিবেশনও। সেই সুযোগে চলছে ঘোড়া কেনাবেচা। এই প্যাকেজকে রাউত উল্লেখ করেছেন ‘বিজেপি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ নামে। তাঁর দাবি, ‘মহারাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী ঘোড়া কেনাবেচার দায়িত্ব নিয়েছেন। টাকাপয়সার ব্যবস্থাও তিনিই করছেন। বার্তা দেওয়া হচ্ছে, বিলে সমর্থন করলেই টাকা মিলবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট সাংসদরা দলবিরোধী আইনের ফাঁসে পড়বেন না বলেও আশ্বস্ত করেছে বিজেপি।’
বিজেপির প্রাথমিক টার্গেট আঞ্চলিক দলগুলি। বাংলায় বিধানসভা ভোটের পর তৃণমূলের একটি অংশ এনসিপিআইয়ে যোগ দিয়েছে। তাদের সঙ্গে ১৮-২০ জন লোকসভার সাংসদ রয়েছে বলে দাবি। ডিএমকের হাতে নিম্নকক্ষের ২২ প্রতিনিধি। শীত অধিবেশন পিছিয়ে বাকি অঙ্কই নিশ্চিত করার চেষ্টা চলছে। ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনকে রাজ্যসভায় এনে কেন্দ্রীয় মন্ত্রিত্বের টোপ দেওয়া হচ্ছে। কিন্তু ফল অধরা। এ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়দের এনসিপিআই অক্সিজেন দিয়ে রেখেছে মোদি-শাহকে। বিজেপির বিরোধিতা করে তৃণমূলের টিকিটে জেতার পর তাঁরা এখন গেরুয়া শিবিরেরই ‘সমর্থক’। বিলে সমর্থনের প্রতিদান হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এনসিপিআইকে স্থান দেওয়ার জন্য দর কষাকষিও শুরু হয়েছে। যদিও ২০-২২ জন এমপির সমর্থনে বিল পাশ হবে না। শিবসেনার দাবি, তাই টাকার থলি হাতে নেমে পড়েছে বিজেপি।
পাটিগণিত বলছে, এই বিল পাশ করাতে ৩৬২ সাংসদের সমর্থন দরকার। ১৭ এপ্রিলের ভোটে সরকার পক্ষ পেয়েছিল ২৯৮। অর্থাৎ ম্যাজিক ফিগারে পৌঁছাতে দরকার আরও ৬০-এর বেশি সমর্থন। কিন্তু, সেগুলি মিলবে কীভাবে? কংগ্রেস নেতা রশিদ আলভির দাবি, ‘ছলে-বলে-কৌশলে বিজেপি এবার বিল পাশ করাতে বদ্ধপরিকর। তৃণমূলের বিদ্রোহী অংশ, ডিএমকে, শিবসেনার সাত-আট সাংসদ আছে। শারদ পাওয়ারের সমর্থন সুতোয় ঝুলে। আর কয়েকজন জোগাড় করতে তাই মরিয়া বিজেপি।’ শাসকের যুক্তি, ডিলিমিটেশনের সাংবিধানিক প্রয়োজনীয়তা রয়েছে। পালটা কংগ্রেসের প্রশ্ন, জনগণনাই তো হল না। তা হলে বিজেপি কীভাবে বুঝল আসন বাড়িয়ে ৮৫০ করতে হবে? এর বদলে বরং ৫৪৩ আসনের ভিত্তিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ জারি করুক মোদি সরকার।



