লখনউ: ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস তথা আইটিআই পড়ুয়াদের নিয়ে দীর্ঘদিন ধরে সমাজে যে বদ্ধমূল ধারণা রয়েছে, তা বদলানো দরকার। আইআইটি-র মতোই সম্মান প্রাপ্য আইটিআই পড়ুয়াদের।’ শনিবার লখনউয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়েই সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেন থেকে শুরু করে বিরোধীদের একাংশের বক্তব্য, আইটিআইগুলিতে এসি-রেফ্রিজারেটর টেকনিশিয়ান থেকে টেলারিংয়ের ছোটোখাটো কোর্সও করানো হয়। প্রত্যেকেই নিজেদের জায়গায় সসম্মানে রয়েছেন। তবে এই ধরনের পড়ুয়ার সঙ্গে আইআইটি-র একজন গবেষক, বি টেক, এম টেক করা ছাত্র-ছাত্রীকে মিলিয়ে দেওয়া যায় না। দু’জনের মেধা ও কাজের জায়গায় বিস্তর ফারাক রয়েছে।
লখনউয়ে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলির প্রচলিত ডিগ্রির মতো কারিগরি শিক্ষাও একই সম্মান পাওয়ার যোগ্য। শিল্পক্ষেত্র সচল রাখতে হাতে-কলমে কাজ শেখা এই ছাত্র-ছাত্রীদের ভূমিকাই অপরিসীম। কেউ আইটিআই-তে ভরতি হলে অনেক সময় তাঁদের পরিবার, বন্ধু ও আত্মীয়রা বিষয়টি গোপন রাখতে চান। সর্বসমক্ষে স্বীকার করতে দ্বিধাবোধ করেন। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয় বা সাধারণ কলেজে পড়াশোনা না করে হাতে-কলমে কাজ শেখা হয়তো কম সম্মানের। এই মানসিকতা বদলানো প্রয়োজন। কারণ একটি কোম্পানির আসল শক্তি হল আইটিআই পড়ুয়ারা তথা প্রশিক্ষিত কর্মীরা। তাঁরাও আইআইটি-র মতো সম্মান পাওয়ার যোগ্য। ছবি: পিটিআই



