নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোট বেঁধে বিজেপির ৬২ আসনকে গত লোকসভা নির্বাচনে নামিয়ে আনা গিয়েছে ৩৩-এ। কংগ্রেসের সঙ্গে জোটে লড়ে সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ সাংসদ। কংগ্রেস ছয়। তাই এবার গত বিধানসভার ভুল আর করতে নারাজ কংগ্রেস-সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে জোট জোরদার করতে আজ সোমবার শুরু হচ্ছে দু’দলের আসন রফার আলোচনা। রাজ্যের ৪০৩টি আসনে কে কোথায় লড়বে, তা নিয়ে শুরু হবে কথাবার্তা। মুখ্যমন্ত্রী মুখ সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। ক্ষমতায় এলে উপমুখ্যমন্ত্রী হিসাবে কাউকে বসাতে পারে কংগ্রেস।
দু’দলের আসন রফার আলোচনায় কংগ্রেসের পক্ষে মূল দায়িত্ব প্রিয়াঙ্কা গান্ধীর। তাঁকে সহযোগিতা করবেন কে সি বেণুগোপাল, দলের উত্তরপ্রদেশের সাংসদ ইমরান মাসুদ, প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র এবং এআইসিসি ইনচার্জ রাজেন্দ্র পাল গৌতম। সমাজবাদী পার্টির পক্ষে প্রাথমিক আলোচনা শুরু করবেন অখিলেশের কাকা রামগোপাল যাদব। মূলত কে কোথায় জিততে পারে, এই বিষয়টি অগ্রাধিকার দিয়েই হবে আসন রফা। জোর দেওয়া হবে ‘পিডিএ’র উপর। পিছড়া-দলিত-অল্পসংখ্যক।
আলোচনায় বসার আগেই কংগ্রেস ১৮১টি আসন চেয়ে বসেছে। তবে এত আসন দিতে নারাজ অখিলেশ। তাই তিনি জয়ের সম্ভাবনা রয়েছে, এমন দলেরই প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। কংগ্রেস
গতবার (২০২২ সালে) একা লড়ে জিতেছে সাকুল্যে দুটি আসন। সমাজবাদী পার্টি একা লড়ে ১১১। এআইসিসির অবশ্য বক্তব্য, ২০২২ সালের ফলাফলকে ভিত্তি করা চলবে না। এখন পরিস্থিতি পালটেছে। কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বাড়ছে। উত্তরপ্রদেশে এখন কংগ্রেসের ছ’জন সাংসদ। সর্বোপরি মুখ্যমন্ত্রী মুখ হিসাবে যে অখিলেশই থাকবেন, তা নিয়ে কোনো দ্বিধা নেই। ফলে কংগ্রেসের আসন চাহিদা তো সমাজবাদী পার্টিকে মানতেই হবে। যদিও রাজনৈতিক সূত্রে খবর, ৮০-১০০ আসন পেতে পারে কংগ্রেস।



