কংগ্রেস আমলে অবজ্ঞার শিকার উত্তর-পূর্ব: শাহ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইটানগর: অরুণাচল প্রদেশ তথা গোটা উত্তর-পূর্বের উন্নয়ন নিয়ে অবহেলার অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রবিবার তিনি দাবি করেন, পূর্বতন ইউপিএ সরকারের আমলে অরুণাচলকে পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠনের পর পরিস্থিতি পাল্টেছে। ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ইউপিএ আমলে অরুণাচলকে কেন্দ্র মোট ৩৩,৫৩০ কোটি টাকা দিয়েছিল। সেখানে ২০১৪-২০২৪ সালের মধ্যে অরুণাচলের উন্নয়নে ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। 

Advertisement

​সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের প্রসঙ্গ টেনে ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম’-এর কথা উল্লেখ করেন শাহ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সীমান্তের গ্রামগুলিকে দেশের শেষ গ্রামের পরিবর্তে প্রথম গ্রাম হিসাবে অভিহিত করেছেন। সড়ক, বিদ্যুৎ, জল, স্কুল, কর্মসংস্থান ও সার্বিক পরিকাঠামোর উন্নতির কারণে সীমান্তবর্তী ৪০টি গ্রাম জীবন্ত হয়ে উঠেছে। একটা সময় সেখান থেকে অন্যত্র চলে যাওয়া বাসিন্দারা পুনরায় গ্রামে ফিরে এসেছেন। কেন্দ্রের উন্নয়নমূলক এজেন্ডায় অগ্রাধিকারের তালিকায় রয়েছে উত্তর-পূর্ব। সড়ক, রেল ও বিমান পরিষেবার অভূতপূর্ব উন্নতি হওয়ায় এই অঞ্চলের প্রতিটি রাজ্যের সঙ্গে দেশের মূল ভূখণ্ড ও দিল্লির দূরত্ব অনেকটাই কমেছে বলে শাহের দাবি।