Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডকে দাপটে হারাল টিম ইন্ডিয়া

দুরন্ত স্মৃতি মান্ধানা। তাঁর শতরানের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে দাপটেই জিতল ভারত

ইংল্যান্ডকে দাপটে হারাল টিম ইন্ডিয়া
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নটিংহাম: দুরন্ত স্মৃতি মান্ধানা। তাঁর শতরানের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে দাপটেই জিতল ভারত। ওপেনার মান্ধানার কাঁধে ভর করে ৫ উইকেটে ২১০ রান তোলে টিম ইন্ডিয়া। বাঁ হাতি ওপেনারের সংগ্রহ ৬২ বলে ১১২ রান। বড় রান তাড়া করতে নেমে রীতিমতো মুখ থুবড়ে পড়ে আয়োজক দল। ১৪.৫ ওভারে ১১৩ রানে অল-আউট ইংল্যান্ড। ভারতের জয় ৯৭ রানে।

Advertisement

শেফালি ভার্মার সঙ্গে প্রথম উইকেটে স্মৃতির ৭৭ রানের জুটিই বড় রানের ভিত গড়ে দেয়। শেফালি করেন ২০। এরপর দ্বিতীয় উইকেটে হারলিন দেওল ও স্মৃতি ৪৫ বলে যোগ করেন ৯৪। মাত্র ২৩ বলে ৪৩ করে ফেলেন হারলিন। তারপর অবশ্য কেউই রান পাননি। রিচা ঘোষ (১২), জেমাইমা রডরিগেজ (০) ফেরেন পরপর। স্মৃতি অবশ্য অন্যপ্রান্তে অনড় ছিলেন। ২৭ বলে ৫০ পূর্ণ করার পর গতি বাড়ান তিনি। শতরানে পৌঁছতে তিনি নেন ৫১ বল। শেষ ওভারে আউট হওয়ার আগে দলের স্কোর দুশোর ওপারে নিয়ে যান মান্ধানা। ১৫টি চার ও তিনটি ছক্কায় সাজান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। উল্লেখ্য, কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এটাই স্মৃতির প্রথম সেঞ্চুরি। তিন ফরম্যাটেই শতরান হয়ে গেল তাঁর। ইংল্যান্ডের লৌরেন বেল ৩ উইকেট নেন।
২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইংল্যান্ড। ক্যাপ্টেন ন্যাট স্কিভার-ব্রান্ট (৬৬) ছাড়া আর কেউ বাইশগজে থিতু হতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক স্কোর এম আরলটের ১২। স্কিভার-ব্রান্ট এক প্রান্তে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখছিলেন সতীর্থদের যাওয়া আসা। ভারতের হয়ে সর্বাধিক চারটি উইকেট নেন শ্রী চরনি। দু’টি করে শিকার দীপ্তি শর্মা ও রাধা যাদবের।

Advertisement
সম্পর্কিত সংবাদ