নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মঙ্গলবার যুবভারতীতে খেলা দেখতে গিয়ে বিপত্তি। অসাবধানে আঙুলে থাকা সোনার আংটি খুইয়েছিলেন ইস্ট বেঙ্গলের এক তরুণী। বিষয়টি টের পেতেই দ্বারস্থ হন বিধাননগর পুলিশের। অবশেষে চিরুনি তল্লাশির পর উদ্ধার হওয়ায় সেই আংটি ফেরানো হল তরুণীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসিএল টু’র ম্যাচ দেখতে হাজির ছিলেন তিনি। পরনে লাল-হলুদ জার্সিও। বাঁ-হাতের অনামিনায় ছিল একটি সোনার আংটি। ম্যাচ চলাকালীন সি-২ থেকে সি-১ এর দিকে তাঁর আংটি পড়ে যায়। কিছুক্ষণ পরেই তিনি তা বুঝতে পেরে বিধাননগর পুলিশের দুই কনস্টেবল মিসকাত আলি খান এবং সৌভিক ভট্টাচার্যকে জানান। সঙ্গে সঙ্গে তাঁরা পদক্ষেপ নেন। উদ্ধার হয় হারানো আংটি। যথাযথ যাচাইয়ের পর তা মঙ্গলবারই সংশ্লিষ্ট তরুণীর হাতে ফেরানো হয়।



