নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্রমেদিনী’। আশঙ্কার কালো মেঘ সরিয়ে ফেডারেশনের নির্বাচনের ময়দানে অবশেষে পা রাখলেন কল্যাণ চৌবে। বুধবার নয়াদিল্লিতে নির্বাচন অফিসার রাজীব শর্মা ৭০ জন সদস্যের তালিকা প্রকাশ করেছেন। সেখানে কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে নাম রয়েছে এন এ হরিস ও কল্যাণের। শেষ মুহূর্তে অসুস্থতার কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছেন হানিফ মহম্মদ। সেই জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করবেন বর্তমান ফেডারেশন সভাপতি। উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর হবে ফেডারেশনের নির্বাচন।
গত ১৩ নভেম্বর প্রত্যেক রাজ্য সংস্থা যে প্রাথমিক তালিকা জমা দিয়েছিল তাতে নাম ছিল না কল্যাণ চৌবের। ২০২২ সালে গুজরাত ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে নির্বাচনে লড়লেও এবার সেই পথ বন্ধ। তবুও সচেষ্ট ছিলেন ফেডারেশন প্রেসিডেন্ট। অবশেষে শিকে ছিঁড়ল কর্ণাটক থেকে। উল্লেখ্য, আইএফএ থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন অনির্বাণ দত্ত এবং সুব্রত দত্ত।



