নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের একবার ডার্বি ঘিরে সরগরম বাংলা। রবিবার যুবভারতীতে আইএসএলের প্রথম লেগে মুখোমুখি হবে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। এই ম্যাচের আয়োজক হওয়ায় মঙ্গলবারই অনলাইনে টিকিট ছাড়ে ইস্ট বেঙ্গল। সবচেয়ে কম দামের টিকিট ছিল ৩০০ টাকা। আর সর্বাধিক ২০০০ টাকা। তারপরেই দাম নিয়ে শুরু হয় টানাপোড়েন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে আসরে নামেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বুধবার দুপুরে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘আইএসএলের প্রথম ডার্বির টিকিটের দাম নিয়ে বিভিন্ন মহল থেকে আমার কাছে অনেক বার্তা এসেছে। আয়োজক ইস্ট বেঙ্গল কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। দুই প্রধানের সমর্থকদের কথা মাথায় রেখে তাঁরা জানিয়েছেন, টিকিটের দাম কমানো হবে। নতুন দাম দ্রুত জানিয়ে দেওয়া হবে।’
ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘অসংখ্য ছাত্রছাত্রী, বিভিন্ন স্তরের সমর্থকরা টিকিটের দাম কমানোর অনুরোধ জানিয়েছেন। তাঁরা সকলে যাতে মাঠে এসে খেলা দেখতে পারেন, সেই কথা মাথায় রেখে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করেই টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ উল্লেখ্য, টিকিটের নতুন দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ২০০, ৩০০, ৪০০, ৫০০ ও ৫৫০ টাকা। একইসঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যরা ৩০০ টাকার টিকিট ১৫০ টাকায় কিনতে পারবেন।
এদিকে, সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৪ ম্যাচে পয়েন্ট নষ্টের পর অবশেষে মঙ্গলবার জয়ের মুখ দেখেছে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে জর্ডনের আল হুসেইনকে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর তাতেই বড়ো ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে বলে মনে করছেন কোচ হাবাস। এবার আইএসএলের মর্যাদা ম্যাচেও এই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁর। তবে লিগের প্রথম বড়ো ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের রক্ষণের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আনোয়ারের অনুপস্থিতিতে একাধিকবার গোল হজমের পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই ডার্বির আগে রক্ষণের সমস্যা মেটানোই চ্যালেঞ্জ হাবাসের। একইসঙ্গে রামিরেজকে নিয়েও চিন্তা কাটল লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের। মঙ্গলবার আল হুসেইনের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই স্প্যানিশ মিডিও। তার জেরে ডার্বিতে খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চিয়তা। তবে স্বস্তির খবর, চোট গুরুতর নয় রামিরেজের। বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে প্রস্তুতিতে নামবেন তিনি।



