বড়ো ম্যাচের জন্য ম্যাকা-মিগুয়েল জুটিকে তৈরি রাখছেন কোচ পানোস
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে ন’টা। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে শুধুই হাজির মোহন বাগানের গ্রাউন্ড স্টাফরা। দু-একজন মাঠে মার্কিংয়ে ব্যস্ত। ঠিক তখনই দুধসাদা বড়ো গাড়ি এসে থামল মাঠের ধারে। একসঙ্গে নেমে এলেন সমর্থকদের প্রিয় দুই ‘এম’— মিগুয়েল ও ম্যাকলারেন। অজি স্ট্রাইকারের কিটস ব্যাগ এগিয়ে দিলেন ব্রাজিলিয়ান মিডিও। হাসিমুখে থ্যাঙ্কু বলে ড্রেসিং-রুমের দিকে পা বাড়ালেন মোহন বাগানের গোলমেশিন। পিছনেই মিগুয়েল। সকাল যদি দিনের সূচক হয় তাহলে বলতেই হবে, এই দু’জনের জুটি ক্রমশ গড়ে উঠছে। রবিবারের ডার্বিতে যা অবশ্যই পালতোলা নৌকার মূলধন। 

Advertisement

অনুশীলন শুরু হল নির্ধারিত সময় সাড়ে ন’টায়। প্রথমে ড্রেসিং-রুমে ফুটবলারদের নিয়ে প্রায় এক ঘণ্টা আলোচনায় ব্যস্ত কোচ পানাজিওটিস। জানা গেল, রক্ষণ সংগঠন এবং মাঝেমধ্যেই খেলা থেকে হারিয়ে যাওয়ার ওষুধ নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি। ভিডিয়ো দেখিয়ে এবং বোর্ডে ছবি এঁকে ফুটবলারদের দায়িত্ব বোঝানোর পরই থেমে থাকেননি সুদর্শন গ্রিক কোচ। শুভাশিস-লিস্টনদের কথাও শুনেছেন মন দিয়ে। এরপর মাঠে গা ঘামানো শুরু। মোহন বাগানের প্রত্যেক খেলোয়াড়ের বডি ল্যাঙ্গুয়েজে আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে। 
ফেরা যাক দুই এম’এ। অনুশীলনে দু’জনেই চনমনে। পারস্পরিক বোঝাপড়া বাড়ানোয় তৎপর। চোখের ইশারায় মিগুয়েলকে বল বাড়ানোর ঠিকানা লিখলেন ম্যাকলারেন। পরক্ষণেই ব্রাজিলিয়ানের আউটস্টেপে বাড়ানো থ্রু খুঁজে নিল তাঁকে। সমর্থকরা থাকলে যা দেখে নিশ্চয়ই বুক ভরে শ্বাস নিতে পারতেন। তবে এটা ঠিক যে, এখনও কাঙ্ক্ষিত ফিটনেস থেকে কয়েক কদম দূরে রয়েছে অজি স্ট্রাইকার। তবে হাতে রয়েছে এখনও তিনদিন। তাই এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন না মোহন বাগান কোচ। কারণ তিনি জানেন, বড়ো ম্যাচে জ্বলে ওঠার রসদ রয়েছে ম্যাকলারেনের। তাই দু’জনের জুটি জমার জন্য যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পানাজিওটিস। 
আক্রমণের পাশাপাশি রক্ষণ নিয়েও এদিন ব্যস্ত ছিলেন সবুজ-মেরুন সারথি। ডার্বিতে প্রথম একাদশে ফিরছেন আলবার্তো রডরিগেজ। ফলে টিম কম্বিনেশনে বদল আসছে। এদিন স্প্যানিশ স্টপারের সঙ্গে রাহুল ভেকেকে খেলালেন তিনি। দুই উইং ব্যাকে দুই সিং— অভিষেক টেকচাম ও মেহতাব। পাশাপাশি শুভাশিসকেও তৈরি রাখা হচ্ছে। মাঝমাঠে জেলকোভিচের সঙ্গে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকে ব্যবহার করা হল। গত ম্যাচে গোল পাওয়ায় থাপার আত্মবিশ্বাস তুঙ্গে। রবিবার কি ডার্বির সমুদ্র পেরিয়ে পালতোলা নৌকাকে পাড়ে তুলতে পারবেন অনিরুদ্ধরা? অপেক্ষা করুন। এগিয়ে আসছে সময়।