নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: জাঁকিয়ে শীত পড়েছে কোচবিহারে। তার সঙ্গে ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকছে। তারমধ্যে ২৫ ডিসেম্বর। উত্তরের এই প্রান্তিক জেলায় পিকনিকের ধুম পড়ে গিয়েছে। এরই মধ্যে কোচবিহার-১ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারির তোর্সা নদীর চরে প্রায় ৫০০ শিশুকে নিয়ে ১০ টাকার পিকনিকে মেতে উঠেছেন শিক্ষক ফণীভূষণ সাহা। এবার এই পিকনিক সপ্তম বর্ষে পা দিল। সকাল সকাল কেক, মিষ্টি, চকোলেট দিয়ে টিফিন। দুপুরে ভাত, ডাল, সবজি, মুরগির মাংস, চাটনি সহযোগে পিকনিকের খাওয়াদাওয়া। শিশুদের মধ্যে আগামী দিনে সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই পিকনিকের আয়োজন করেন ফণীভূষণবাবু। পিকনিকে ১০ টাকা দিয়ে নাম লেখাতে হয়। কারণ, কারও যেন মনে না হয় যে, বিনে পয়সায় খাওয়াদাওয়া বা পিকনিক করছে। তাই পিকনিকে নাম লেখার সঙ্গে সঙ্গে একটি করে চিরকুট দেওয়া হচ্ছে। তাতে লেখা থাকছে, ‘আসুন সুন্দর সমাজ গড়ি।’ শিশু কিশোররা যেমন এই ১০ টাকার পিকনিকে শামিল হয়েছে তেমনি কোচবিহারের বহু বিশিষ্ট ব্যক্তি এই পিকনিকে শামিল হন। এদিনও উপস্থিত ছিলেন কোচবিহারের বহু বিশিষ্ট ব্যক্তি। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক বাসবকান্তি দিন্দা সহ অন্যান্যরা।



