নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াফুল প্রতীক নিয়ে চরমে পশ্চিমবঙ্গের রাজনীতি। সদ্য বিধানসভার বিরোধী দলনেতা তকমা হারানো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একবার বলেছেন, জোড়াফুল প্রতীক তাঁদের। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা-তৃণমূলের সদস্যদের দাবি, জোড়াফুল প্রতীক তাঁদের। এই আবহেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করলেন। পূর্ব বর্ধমানের কালনা থানার ভিতরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বা ঋতব্রত-তৃণমূলের জন্য ভুয়ো হলফনামা তৈরি করেছে নাকি পুলিশ! ভিডিও প্রকাশ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে তীব্র আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন, ‘৪০ থেকে ৫০ জন বিধায়ককে ভয় দেখিয়ে, ধমকে, চমকে, কাউকে গান পয়েন্টে রেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চিঠি সই করানো হয়েছে।’
থানায় বসে কাগজপত্র সই করার ভিডিও প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘পুলিশ ব্যবহার করে, থানার ভিতরে পুলিশের লোক বসে জাল হলফনামা লিখে জমা দিয়েছে নির্বাচন কমিশনে। দলের কর্মী নয়, পুলিশ করছে। কেউ সিভিক ভলান্টিয়ার, কেউ সাব ইনস্পেক্টর।’ এরপরে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘কেউ যদি মনে করেন, যে যাই আদেশ দেবে, তা যদি বেআইনিও হয়, আমরা সেই কাজ করব। তাহলে বলি, আজকের দিনে কিছু লুকোনো যায় না। যাঁরা যাঁরা এই কাজ করেছেন, তাঁদের সকলের বিরুদ্ধে তদন্ত করা হবে।’ ইন্ডিয়া ব্লকের বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ।
একদিকে সোমবার থেকে শুরু সংসদে বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশন ঘিরে দিল্লিতে টানটান রাজনৈতিক উত্তেজনা। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে বৈঠকে অনুপস্থিত ছিলেন শরদ পাওয়ারের এনসিপি। জোটের সঙ্গ ছেড়েছে ডিএমকে-ও। ইন্ডিয়া ব্লকের ভাঙনে বিরাট ধাক্কা বলেই মনে করছেন অনেকে।
এদিনই দিল্লিতে যাওয়ার কথা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘মেসেজ এসেছে, পরিস্থিতি সিরিয়াস’। জরুরি ভিত্তিতে দিল্লি যেতে হবে তাঁকে বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য চার্টার্ড ফ্লাইটের কথা বলা হলেও তিনি এয়ার ইন্ডিয়ার বিমানে চেপেই দিল্লি যাবেন বলে জানান মমতা। এবার সেখানে গিয়ে কী হয়, সেদিকে নজর থাকবে সব মহলের।



