নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শনিবার দুপুরে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার হলেন এক আফগান নাগরিক। নিউটাউন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বেআইনিভাবে এদেশে বসবাস করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন নিউটাউনে অভিযান চালান বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। সূত্রের খবর, ধৃতের নাম আবদুল হাকিম ওরফে ওসামা।
তবে ভিসার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তি কিভাবে এতদিন ভারতে থুড়ি কলকাতায় বসবাস করছিলেন সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পাশাপাশি কেন তিনি ভারতে এসেছিলেন? ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কেন তিনি এদেশে বেআইনি ভাবে থাকছিলেন সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ধৃতের সঙ্গে বর্তমানে কার কার যোগাযোগ রয়েছে সেই সম্পর্কেও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভুয়ো পাসপোর্ট নিয়ে থাকছিলেন ওই আফগান নাগরিক। ধৃতের বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টে মামলা করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর কাছে থাকা সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিনই ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হতে পারে। বেঙ্গল এসটিএফ তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে।



