Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চা স্ন্যাক্সে আপ্যায়ন

বর্ষায় গরম চা এবং স্ন্যাক্সের সেরা রেসিপি শেয়ার করছে টি জাংশন। মশলা চা ও খাস্তা কচুরি তৈরির পদ্ধতি জানুন। বিস্তারিত পড়ুন।

চা স্ন্যাক্সে আপ্যায়ন
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হাতে গল্পের বই বা কানে পছন্দের গান, বর্ষার যেন সেরা অবকাশযাপন! সঙ্গে গরম চা আর পছন্দের স্ন্যাক্স হলে আর কী চাই? ‘টি জাংশন’রেস্তরাঁ থেকে দু’ধরনের চা এবং তার সঙ্গে মানানসই স্ন্যাক্সের রেসিপি রইল।

Advertisement

মশলা চা

উপকরণ: জল ১ কাপ, দুধ ২ কাপ, অসম গুঁড়ো চা ২ চা চামচ, থেঁতো করা আদা ১ ইঞ্চি, গুঁড়ো মশলা (ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ) পরিমাণ মতো, চিনি বা গুড় স্বাদ অনুযায়ী।

প্রণালী: একটা স্যসপ্যানে জল নিয়ে তা ফুটিয়ে নিন। এবার তাতে দুধ মিশিয়ে আঁচ কমিয়ে ফোটাতে থাকুন। খানিকক্ষণ ফোটার পর তাতে গুঁড়ো চা এবং থেঁতো করা আদা দিয়ে দিন। এই মিশ্রণ একটু ফুটিয়ে নিয়ে তার সঙ্গে মেশান স্বাদমতো চিনি বা গুড়। এই অবস্থায় আঁচ একদম কমিয়ে দিন যাতে সব উপকরণ একসঙ্গে মিশে যেতে পারে। তবে খেয়াল রাখবেন, দুধ যেন অতিরিক্ত ফুটে ঘন না হয়ে যায়। সব উপকরণ একে অপরের সঙ্গে মিশে গেলে এবং চায়ে একটা লালচে খয়েরি রং ধরলে আঁচ থেকে নামিয়ে নিন। তারপর তা ছেঁকে নিন। কাপে বা মাটির ভাঁড়ে ঢেলে নিন। এরপর উপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

খাস্তা কচুরি

উপকরণ: ময়দা মাখা মিশ্রণের জন্য: ময়দা ২ কাপ, ঘি ১/২ কাপ, নুন স্বাদ মতো, ঠান্ডা জল পরিমাণ মতো।

মশলার পুর বানানোর জন্য: সোনা মুগ ডাল ১/২ কাপ (২-৩ ঘণ্টা জলে ভিজিয়ে বেটে নেওয়া), বেসন ২ টেবিল চামচ, গোটা জিরে ১ চা চামচ, থেঁতো করা গোটা ধনে ১ টেবিল চামচ, থেঁতো করা মৌরি ১ চা চামচ, হিং ১/২ চা চামচ, শুকনো লংকা গুঁড়ো ১/২ চা চামচ, আমচুর পাউডার ১ চা চামচ, আদা শুঠ ১/২ চা চামচ, নুন স্বাদমতো, ঘি বা তেল ১ টেবিল চামচ।

প্রণালী: ময়দা মাখার জন্য: একটা বড়ো পাত্রে ময়দা নিন। তার সঙ্গে নুন ও ঘি মিশিয়ে নিন। ঝুরঝুরে হলে তার সঙ্গে অল্প অল্প করে ঠান্ডা জল মিশিয়ে মাখতে থাকুন। ময়দার ডো শক্ত হবে। ময়দা মাখার সময় খুব বেশি ঠাসবেন না। এবার এই মিশ্রণ একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আধ ঘণ্টা রেখে দিন। 

পুর বানানোর জন্য: কড়াইতে ঘি বা তেল গরম করে নিন। তাতে গোটা জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরলে থেঁতো করা ধনে ও মৌরি দিন। তারপর হিং দিন। মশলার সুগন্ধ বেরলে বেসন দিয়ে ঢিমে আঁচে ভাজতে থাকুন। বেসন সোনালি হলে মুগ ডাল বাটা দিন। একসঙ্গে নেড়ে নিয়ে তাতে নুন মেশান। এরপর একে একে শুকনো লংকা গুঁড়ো, আমচুর পাউডার, আদার শুঠ মিশিয়ে নিন। ঢিমে আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। পুর শুকনো হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে নিন। এরপর তা সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। তারপর তার থেকে ছোটো ছোটো বল বানিয়ে নিন।

কচুরি বানানোর জন্য: মেখে রাখা ময়দা আট ভাগে ভাগ করে নিন। প্রতিটি ভাগ হাতের সাহায্যে গোল করে নিয়ে তা বাটির মতো করে গড়ুন। এবার পুরের এক ভাগ তার মধ্যে দিয়ে ধারগুলো মুড়ে নিন। তারপর আবারও গোল করে গড়ে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিন। এরপর কড়াইতে তেল গরম করে খাস্তা কচুরি দশ থেকে পনেরো মিনিট এপিঠ ওপিঠ করে ভেজে তুলুন।

এলাচ চা

উপকরণ: জল ১ কাপ, দুধ ২ কাপ, অসম গুঁড়ো চা ২ চা চামচ, থেঁতো করা ছোটো এলাচ ৩-৪টে,  চিনি বা গুড় ১-২ চা চামচ বা স্বাদমতো।

প্রণালী: একটা স্যসপ্যান আঁচে বসিয়ে জল ফুটতে দিন। তাতে ছোটো এলাচ দিয়ে দিন। এরপর তার সঙ্গে দুধ মিশিয়ে ফোটাতে থাকুন। জল ও দুধ মিশে গেলে আঁচ একদম কমিয়ে অসম চায়ের গুঁড়ো দিয়ে দিন। তার সঙ্গে গুড় বা চিনি মিশিয়ে নাড়তে থাকুন। দুধ যেন বেশি ঘন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। সবটা একে অপরের সঙ্গে মিশে গেলে আঁচ থেকে নামিয়ে ছেঁকে নিন। তারপর তা মাটির ভাঁড়ে বা কাপে ঢেলে পরিবেশন করুন।

চিকেন টিক্কা স্যান্ডউইচ

উপকরণ: চিকেন টিক্কার জন্য: বোনলেস চিকেন (লেগ বা ব্রেস্ট পিস) ২৫০ গ্রাম, জল ঝরানো টক দই ৩ টেবিল চামচ, আদা রশুন বাটা ১ টেবিল চামচ, কাশ্মীরি লংকা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১/২ চা চামচ, গরমমশলা গুঁড়ো ১/২ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, সরষের তেল ১ চা চামচ, নুন স্বাদমতো।

স্যান্ডউইচের জন্য: স্যান্ডউইচের জন্য উপযুক্ত ব্রাউন ব্রেড ৪ স্লাইস, মাখন ২ টেবিল চামচ, পুদিনার চাটনি ২ টেবিল চামচ, গ্রেট করা চিজ ৫০ গ্রাম, চাট মশলা ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ।

প্রণালী: চিকেন টিক্কা বানানোর জন্য: একটা মিক্সিং বোলে দই, আদা রশুন বাটা, কাশ্মীরি লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, লেবুর রস, সরষের তেল ও নুন একসঙ্গে নিয়ে ফেটিয়ে নিন। বোনলেস চিকেন ছোটো টুকরো করে কেটে নিন। এবার চিকেন এই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিন অন্তত আধ ঘণ্টা। এরপর গ্রিলপ্যান আঁচে বসিয়ে গরম করে নিন। তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভাজতে থাকুন। চিকেনে কালচে রং ধরলে এবং তা শুকিয়ে গেলে বুঝবেন সম্পূর্ণভাবে গ্রিল হয়ে গিয়েছে। এবার স্যান্ডউইচ বানানোর জন্য ১/২ ব্রেড স্লাইসের একধারে পুরু করে মাখন মাখিয়ে নিন আর অন্য ধারে পুদিনার চাটনি মাখান। যে দিকে পুদিনার চাটনি মাখানো আছে সেদিকেই গ্রিল্ড চিকেন ফিলিং ছড়িয়ে দিন। উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিন। তার উপর গ্রেট করা চিজ দিয়ে আর এক স্লাইস পাউরুটি চাপা দিয়ে দিন। এইভাবে স্যান্ডউইচগুলো গড়ে নিন। এরপর তা কোনাকুনি কেটে নিন। গ্রিলার গরম করে নিন। তার উপর পাউরুটির মাখন লাগানো দিকটা দিয়ে মোটামুটি ২-৩ মিনিট গ্রিল করুন। গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন। 

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ