নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় পানীয় জলের পাইপলাইন মেরামতির কাজ করতে রেলের অনুমতির প্রয়োজন। কারণ, পাইপলাইনটির যে অংশ ফেটেছে, সেটি রেল ইয়ার্ডের মধ্যে পড়ে। তাই রেল অনুমতি না দিলে মাটি খুঁড়ে কাজ করা সম্ভব নয়। সূত্রের খবর, এ বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার শিয়ালদহে রেলের সঙ্গে কলকাতা পুরসভার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পুরসভা জানিয়ে দেয়, তারা প্রস্তুত নয়। তাই বৈঠকে যেতে পারছে না। স্বভাবতই এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এভাবে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের বসিয়ে রেখে শেষ মুহূর্তে পুরসভা বৈঠকে না আসায় ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে পুর জল সরবরাহ বিভাগ মুখ খুলতে নারাজ।
উল্লেখ্য, গত সপ্তাহের সোমবার টালা ব্রিজের নীচে রেললাইনের পাশে পুরসভার একটি ব্রিটিশ আমলের পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে। জলের তলায় চলে যায় রেলের ট্রাক। গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শহরের বিস্তীর্ণ অংশে পানীয় জলের সমস্যা দেখা দেয়। এই অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় পাম্প বসিয়ে সেই জল নামানোর ব্যবস্থা করে পুরসভা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাইপলাইনের সঙ্গে একটি নতুন পাইপলাইন জুড়ে শহরের জল সরবরাহ স্বাভাবিক করা হয়। এর জন্য দু-তিনদিন শহরে জল সরবরাহে বিঘ্ন ঘটেছিল। জল সরবরাহ স্বাভাবিক হওয়ার পর পুরানো ৭২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি মেরামত করার কথা। তার জন্য রেলের অনুমোদন প্রয়োজন। সূত্রের খবর, এই মর্মে পুরসভার তরফেই রেলকে বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছিল। মঙ্গলবার দিন নির্ধারিত ছিল। সেই মতো শিয়ালদহে ডিআরএম বৈঠকের জন্য অপেক্ষাও করছিলেন। শেষ মুহূর্তে পুরসভার তরফে জানানো হয়, তারা বৈঠকের জন্য প্রস্তুত নয়। আরও কিছু বিষয়ে ভাবনাচিন্তা করতে হবে। যদিও এনিয়ে জল সরবরাহ বিভাগের ডিজি রেহান সান্যালকে ফোন করা হলে তিনি তা ধরেননি। হোয়াটসঅ্যাপেরও জবাব দেননি।



