রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলার জন্য বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্র
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাধারণ বাজেটে বাংলার জন্য বিপুল অর্থ বরাদ্দ করতে চলেছে রেলমন্ত্রক। বৃহস্পতিবার দিল্লির রেলভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ওই বৈঠকের পরই রেলমন্ত্রীর কার্যালয় সূত্রে ‘বর্তমান’কে একথা জানানো হয়েছে। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে বাংলার জন্য রেলের অর্থ বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার কোটি টাকা। ২০২৭-২৮ আর্থিক বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় ১৯ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। বৈঠকে কলকাতা মেট্রো নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে শুভেন্দুবাবুর দীর্ঘ আলোচনাও হয়েছে। 

Advertisement

পরে রেলভবনে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকার ১৭ মাসে যা করতে পারেনি, আমরা তা ১৭ দিনে করে দেখিয়েছি। মেট্রো প্রকল্পের কাজে চিংড়িঘাটায় যে দীর্ঘ জট ছিল, তা মিটে গিয়েছে। ফলে সার্বিকভাবেই কলকাতা মেট্রো রেল প্রকল্প এখন বাস্তবায়িত হয়েছে। মেট্রোর উদ্বোধনের জন্য রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছে। সম্ভব হলে মোদিজি উদ্বোধন করবেন। রাজ্যে বিরোধী দলের সরকার থাকা সত্ত্বেও কলকাতার মেট্রো প্রকল্পের বিভিন্ন পর্যায়ে কেন্দ্র প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।’ তিনি আরও বলেন, ‘রাজ্যের ১৯টি রেল প্রকল্প জমি জট এবং অন্যান্য কারণে দীর্ঘদিন থমকে ছিল। আমরা জমি দিয়েছি। নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। আগামী বছর মার্চের মধ্যেই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখতে পাবেন রাজ্যবাসী।’ অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা, সাগরে কপিলমুনির আশ্রম পর্যন্ত রেলপথ যাবে। ইতিমধ্যে রেলমন্ত্রী এব্যাপারে ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরির নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে প্রায় চার হাজার কোটি টাকা। 
উল্লেখযোগ্য বিষয়, শুধুমাত্র বাংলার রেল প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার জন্য একজন নোডাল অফিসারকে নিয়োগ করছে রেল বোর্ড। তিনি নিয়মিতভাবে এব্যাপারে খোঁজখবর রাখবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট রেলমন্ত্রকে জমা দেবেন। উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে মাথায় রেখে কাজ শুরু করছে মন্ত্রক। আগামী সোমবারই এসংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
বৃহস্পতিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দুবাবু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মা দুর্গার ডোকরার মূর্তিও উপহার দেন তিনি। যদিও এই সাক্ষাৎ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী। পরে এক্স হ্যান্ডলে তিনি জানান, রাজ্যের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে। সূত্রের খবর, কলকাতা এবং হাওড়ার পুরভোট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়েও মোদি সরকারের সেকেন্ড-ইন-কম্যান্ডের পরামর্শ চেয়ে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।