দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে ক্ষুব্ধ পানিহাটির বিজেপি নেত্রী, স্বামীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিজেপি নেত্রীর স্বামীর মৃত্যুর ঘটনায় দলের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বৃহস্পতিবার পানিহাটি এসেছিল। বিজেপি নেতা রাহুল সিনহা’র নেতৃত্বে ওই টিম সবপক্ষের সঙ্গে কথা বলে বিকেলে কলকাতা ফেরেন। তারমধ্যেই ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম ও পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করলেন  মৃত অরূপ সাহার স্ত্রী তথা বিজেপি নেত্রী রুমা সাহা। স্বামীর মৃত্যুর ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। একারণে, তাঁকে দল থেকে বসিয়েও দেওয়া হয়, তাতেও তিনি পরোয়া করেন না বলে জানিয়েছেন। 

Advertisement

​গত শনিবার রাতে সোদপুর হাইস্কুল সংলগ্ন ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় রোডে ব্যবসায়ী ও একদল ছেলের মধ্যে বিবাদ মেটাতে গিয়েছিলেন বিজেপির পানিহাটি ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহা। তাঁর সঙ্গে স্বামী অরূপ সাহাও সেখানে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অরূপবাবুর। ওই ঘটনায় ১ নম্বর মণ্ডল যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস, স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বিজেপি নেতা সুরজিৎ বিশ্বাস ওরফে ননী সহ মোট চার জনের নামে খড়দহ থানায় লিখিত অভিযোগ করেছিলেন রুমাদেবী। পুলিশ অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে। ছ’দিন কেটে গেলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এদিন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তিন সদস্য রাহুল সিনহা, সোনালি মুর্মু ও নীলাঞ্জন অধিকারী রুমাদেবীর বাড়িতে গিয়ে ঘটনার বিবরণ শোনেন। এছাড়া খড়দহ থানার আইসি, বারাকপুরের এসিপি, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ ও অভিযুক্ত যুবনেতা রাজদীপের সঙ্গেও কথা বলেন। পরে আগরপাড়ার বিজেপির জেলা অফিসে সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন,  ময়নাতদন্তকারী চিকিৎসক সহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলা বাকি রয়েছে। দোষী কেউ থাকলে অবশ্যই শাস্তি পাবে। তবে তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত কাউকে বিনা কারণে দোষী বলা যাবে না। এই রিপোর্ট রাজ্যস্তর থেকে কেন্দ্রীয়স্তরেও যাবে। এদিন রুমাদেবী সন্ধ্যায় বলেন, রাজদীপ দাস, সুরজিৎ বিশ্বাস (ননী) সহ চার জন মূল অভিযুক্ত। তাঁদের কথা দলের প্রতিনিধি দলকে জানিয়েছিলাম। রাহুল সিনহাদের উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। কিন্তু আমার সব কথা শোনার পরও সাংবাদিক বৈঠকে অভিযুক্তদের নাম উচ্চারণ করা হল না? তদন্ত যাতে ধামাচাপা না পড়ে, তাই আমি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা জানাব। এমনকি, ঘটনার পর থেকে তাঁর বাড়িতে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় না গেলেও, কেন এদিন তিনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে গেলেন, সেই প্রশ্নও রুমাদেবী তুলেছেন। যদিও ১ নম্বর মণ্ডল যুবমোর্চার সভাপতি রাজদীপ সব অভিযোগ উড়িয়ে বলেন, ঝামেলা মেটাতে আমাকে ডাকা হয়েছিল। আমি গেলেও, মূল ঘটনার আগে আমি চলে এসেছিলাম। দল ও প্রশাসনের উপর ভরসা আছে। -নিজস্ব চিত্র