খড়্গপুরে ট্রেন থেকে আটক যাত্রী, উদ্ধার ২২ লক্ষ টাকা
  • ১৯ নভেম্বর, ২০২৬ ২২:৪১
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ফের ট্রেন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। বড়ো সাফল্য পেল খড়্গপুর জিআরপি। আজ, বৃহস্পতিবার ১৮৪১০ নম্বর জগন্নাথ এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে অসিত দাস নামে এক যাত্রীকে আটক করা হয়। বছর ৩৫-এর ওই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। 

Advertisement

কটক থেকে মেচেদা যাওয়ার পথে ওই যাত্রীর ব্যাগ থেকে মোট ২২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। টাকার উৎস এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই যুবক। এদিন সন্ধ্যায় জিআরপির এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামীকাল, শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর খড়্গপুর স্টেশনেই এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছিল।