এটিএম লুট করতে এসে বেজে উঠল অ্যালার্ম, ভয় পেয়ে  চম্পট দিল দুষ্কৃতী
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১২:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। এটিএম মেশিনের উপরের ঢাকনা খোলার চেষ্টা করতেই অ্যালার্ম বেজে ওঠে। কোনোও নিরাপত্তারক্ষী এটিএমে থাকে না। আর সেই সুযোগেই চম্পট দেয় অভিযুক্ত। এই ঘটনার পর ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পিসি পার্টি।

Advertisement

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, দেবীনগর এলাকার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ঢোকে এক যুবক। কাউন্টারে কোনো নিরাপত্তারক্ষী না থাকার সুযোগ নিয়ে সে এটিএম মেশিনটির উপরের ঢাকনা খোলার চেষ্টা করে। কিন্তু মেশিনে খোলার চেষ্টা করতেই ডিজিটাল অ্যালার্ম বেজে ওঠে। ধরা পড়ে যাওয়ার ভয়ে তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। কাউন্টারে নিরাপত্তারক্ষী না থাকলেও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা থাকায় টাকা লুট করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই রাতে অভিযুক্ত ব্যক্তি এলাকার আরও বেশ কয়েকটি এটিএমে গিয়েছিল। একটি এটিএমে গিয়ে সেখানকার নিরাপত্তারক্ষীকে সে জানিয়েছিল, তার বাড়ির একজন সদস্য গুরুতর অসুস্থ এবং চিকিৎসার জন্য ভিনরাজ্যে নিয়ে যেতে তার প্রচুর টাকার প্রয়োজন। সেখান থেকে বেরিয়ে আসার পরই দেবীনগরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ঢুকে সে মেশিন খোলার চেষ্টা করে বলে অনুমান। ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পিসি পার্টি ও পুলিশ আধিকারিকরা। অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে তদন্তকারী দল।