নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাজনৈতিক বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার নদিয়ার কালীগঞ্জের গোবরা এলাকায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে একটি স্নানঘাটের উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচারের মাধ্যমে জনসমক্ষে তা তুলে ধরেন। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সাংসদের গাড়ির পথ আটকে কালো পতাকা দেখানোর অভিযোগ তুলেছেন তিন। এমনকী, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং গাড়ির কাচ ভাঙচুরেরও অভিযোগও তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
ঘটনার পরেই সমাজমাধ্যমে সরব হন মহুয়া মৈত্র। ফেসবুক লাইভে এসে গোটা ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ তার গাড়ির সামনে পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও কোনো পুলিশ গাড়ি থেকে নেমে নিরাপত্তা দেননি। পাশাপাশি, রাজ্য পুলিশের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগও তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁদের উপর তাঁর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পুলিশই কার্যত বিক্ষোভকারীদের হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। পুলিশের সামনেই কীভাবে গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া এবং ভাঙচুরের ঘটনা ঘটল? তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল সাংসদ। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার পরেও কেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ করা হল না, তা জানতে চেয়েছেন তিনি।



