নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবারই দেশে ফিরেছেন টুলু মণ্ডল। দেশে ফিরেই ইমেল মারফত তিনি তদন্তকারীদের জানিয়েছিলেন যে, তিনি পুলিশের জেরার মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু দেশে ফিরতেই তাঁর জন্য অপেক্ষা করছিল নতুন আইনি গেরো। জাল ডিসিআর কাণ্ড নয়, আপাতত ঠিক এক বছর ৫ কোটি টাকা উদ্ধারের একটি পুরোনো মামলায় তাঁকে সশরীরে তলব করল সিআইডি। এই মর্মে সিউড়ির রবীন্দ্রপল্লিতে টুলুর বাসভবনে একটি আইনি নোটিস সাঁটানো হয়েছে। নোটিশে আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর ২টোর মধ্যে তাঁকে সরাসরি কলকাতার আলিপুরে ভবানী ভবনের তিন তলায় সিআইডি-র দপ্তরে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই মামলাটির প্রেক্ষাপট ঠিক এক বছর আগের। ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে একটি স্করপিও গাড়ি আটকে ৫ কোটি নগদ টাকা উদ্ধার করেছিল বেঙ্গল এসটিএফ। সেই ঘটনায় সিউড়ির বাসিন্দা আক্রাম খান ও ইমরান খান নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ধৃত ওই দু'জন টুলু মণ্ডলের 'ম্যানেজার' হিসেবে পরিচিত ছিল। তারা বিভিন্ন জায়গায় বেআইনি টাকা পৌঁছে দেওয়ার কাজ করত। যদিও সেই সময় উদ্ধার হওয়া টাকা নিজের বলে দাবি করেছিলেন টুলু। তিনি তদন্তকারীদের জানিয়েছিলেন, তাঁর একাধিক বৈধ ব্যবসাই এই টাকার উৎস। সেসম্পর্কিত নথিও জমা দেন তিনি। পরবর্তীতে, পাঁচ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। সেইসময় বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, তৃণমূল ঘনিষ্ঠ ওই পাথর ব্যবসায়ী সবটাই 'ম্যানেজ' করে নিয়েছিলেন। কিন্তু ফের সেই পুরাতন মামলার ফাইল খুলতে চলেছে সিআইডি। ওয়াকিবহাল মহলের মতে, সিআইডির এই পদক্ষেপে একটা বিষয় অন্তত স্পষ্ট, জাল ডিসিআর কাণ্ডে রক্ষাকবচ নিয়ে টুলু দেশে ফিরলেও, তাঁকে এত সহজে স্বস্তিতে রাখতে নারাজ রাজ্য প্রশাসন। বরং বিভিন্ন পুরোনো মামলার জাল বিছিয়ে তাঁকে নতুন করে আইনি গেরোয় জড়ানোই এখন তদন্তকারীদের মূল কৌশল।



