দুই মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অজিত মাহাত
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম আদালতে জামিনে মুক্তি পেলেন মমতাপন্থী তৃণমূল নেতা অজিত মাহাত। বুধবার ঝাড়গ্রাম আদালতে হাজিরার দিন ছিল। গৌড়ীয় মঠের সম্পত্তি চুরি ও মঠ চত্বরে শালগাছ কেটে বিক্রি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। বনদপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলাতে আগেই জামিন পেয়েছিলেন। দুই মামলাতেই জামিন পাওয়ার পর বুধবার আদালতের নির্দেশে মুক্তি পান। গত ৩০অক্টোবর ঝাড়গ্রামে বাড়ি থেকে অজিতকে গ্ৰেপ্তার করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ। অভিযোগ, বনদপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে ১০লক্ষ টাকা নিয়েছিলেন। গ্রেপ্তারের পর তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে হেপাজতে নেয়। এরপরেই অজিতবাবুর বিরুদ্ধে আরও একটি অভিযোগ সামনে আসে। গৌড়ীয় মঠের সম্পত্তি চুরি ও মঠ চত্বরে থাকা শালগাছ কেটে বিক্রি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারক এদিন জামিনের আবেদন মঞ্জুর করেন। অজিতবাবুর আইনজীবী সায়ক ভদ্র বলেন, আইনের উপর আমাদের আস্থা আছে। বিচারক উভয়পক্ষের বক্তব্য শুনে রায় দিয়েছেন। আমরা আদালতের এই রায়ের প্রতি সম্মান জানাচ্ছি।

Advertisement