নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রোগী সেজে স্বাস্থ্য কমিশনের এক আধিকারিক খোসবাগানের প্যাথলজি ল্যাবে রক্ত পরীক্ষা করতে যান। সঙ্গে ছিলেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিশ্বজিৎ বসু। তিনি ওই আধিকারিকের আত্মীয় সেজে যান। রক্ত দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট চলে আসে। তা দেখে আধিকারিকের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। তিনি দু’দিন আগেই কলকাতার একটি নামী ল্যাবে রক্ত পরীক্ষা করান। দু’টি রিপোর্টে আকাশ-পাতাল ফারাক। এরপরই আধিকারিকরা নিজেদের পরিচয় দিয়ে ল্যাবের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা আধিকারিকদের কাছে ভুল স্বীকার করে বলেন, ল্যাবে টেকনিশিয়ান বা চিকিৎসক ছিলেন না। টেস্ট না করে অনুমানের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। এরপরই ওই প্যাথলজি সেন্টার বন্ধ ও এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বজিৎবাবু বলেন, প্যাথলজিগুলি কোনো নিয়ম মেনে চলছে না। টেস্টের রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা চিকিৎসা করেন। সেই রিপোর্ট ভুল হলে চিকিৎসা ঠিক হবে না। ল্যাবরেটরি চালানোর জন্য অনেকের কাছে লাইসেন্সও নেই। আপাতত দু’টি ল্যাবরেটরি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিগুলিকে সবকিছু ঠিক করার জন্য বলা হয়েছে। তবে মনে হয় না তারা সব ঠিক করতে পারবে। নিয়ম না মানলে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। অধিকাংশ ল্যাবে চিকিৎসক নেই। অথচ রিপোর্ট হয়ে যাচ্ছে। অনেক জায়গায় আবার টেকনিশিয়ানও নেই।
কমিশনের সদস্য নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, একজন প্যাথলজিস্ট ১০-১২টি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। অথচ সেটাই হচ্ছে। টাকার বিনময়ে তাঁরা ফাঁকা প্যাড ডায়াগনস্টিক সেন্টারগুলিকে বিক্রি করছেন। যে মেশিনগুলি ল্যাবে রয়েছে তা টেস্টের যোগ্য নয়। কয়েকজন চিকিৎসক আবার ডিগ্রিও ঠিক লিখছেন না। এমবিবিএস পাশ করার পর তাঁরা নিজেদের নামের পাশে এমডি লিখে প্র্যাকটিস করছেন। এই বিষয়গুলিও আমাদের নজরে এসেছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, কমিশনের আধিকারিকরা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ফায়ার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নার্সিংহোম বা ল্যাবরেটরিগুলিতে নিয়মিত পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের। স্বাস্থ্যদপ্তরের কর্তারা বলেন, বর্ধমানের মতো এত বেশি নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার রাজ্যে অন্য কোথাও নেই। বসতবাড়িতেও নার্সিংহোম তৈরি করা হয়েছে। ল্যাবরেটরি গুলিতেও কোনো পরিকাঠামো নেই। ল্যাবরেটরি পরিদর্শনের পর স্বাস্থ্য কমিশনের কর্তারা উল্লাসের কাছে দু’টি বেসরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে বেশকিছু অসঙ্গতি তাঁদের নজরে পড়ে। তা নিয়েও সতর্ক করা হয়েছে। এরপর আবার তাঁরা পরিদর্শনে আসবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।



